যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে প্রজন্ম চত্বরে আন্দোলনরতদের ডাকে সাড়া দিয়ে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল রবিবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালিত হয়েছে। কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির এবং সেই সঙ্গে সম্প্রতি নৃশংসভাবে নিহত ব্লগার প্রকৌশলী রাজীব হায়দারের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে চলমান আন্দোলন অব্যাহত রাখতে শপথ গ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বরিশাল অফিস জানায়, মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের ডাকে সাড়া দিয়েছে বরিশালের মানুষ। গতকাল সকাল ১০টা বাজার সাথে সাথেই এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করে। একাত্মতা প্রকাশ করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার চলমান আন্দোলনের সাথে।
বাকৃবি সংবাদদাতা জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল রবিবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়েছে। এতে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক. ড. সুলতান উদ্দিন ভূঞা, প্রক্টর অধ্যাপক ড. শহীদুর রহমান খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, রবিবার সকাল দশটায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করে। উত্তোলন করা হয় জাতীয় পতাকা। তারা কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি ছাড়াও ব্লগার আহমেদ রাজীব হায়দারের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানায়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলায় জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি গার্লস কলেজ ও আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা ডিগ্রি কলেজসহ জেলার সকল কলেজে উল্লেখিত কর্মসূচি পালিত হয়।
নড়াইল প্রতিনিধি জানান, গতকাল সকাল ১০টায় নড়াইলের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে ছাত্র-শিক্ষক সকলে মিলে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের ফাঁসির দাবিতে শপথ গ্রহণ করে।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, শাহবাগের সাথে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
নোয়াখালী প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের কর্মসূচির সঙ্গে এতাত্মতা প্রকাশ করে গতকাল রবিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং নোয়াখালী সরকারি কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিকালে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে নিহত রাজীবের স্মরণে কালো পতাকা উত্তোলন করেন স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী।
শেরপুর প্রতিনিধি জানান, রবিবার শেরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০টায় জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি ভিক্টোরিয়া একাডেমী, জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়, দিশা প্রিপারেটরী এন্ড হাই স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
লালমনিরহাট প্রতিনিধি জানান, প্রজন্ম চত্বরের সাথে সংহতি প্রকাশ করে গতকাল রবিবার সকাল ১০টায় জেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার জন্য শপথ বাক্য পাঠ করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে ব্রাহ্মণবাড়িয়া প্রজন্ম চত্বরের আন্দোলনরতদের সাথে একত্মতা প্রকাশ করে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফুল্ল চন্দ্র দেবনাথ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রজন্ম চত্বরে আন্দোলনরত ব্লগার এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আন্দোলনরত নতুন মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির পাশাপাশি আগামীকাল জামায়াত-শিবিরের ডাকা হরতার প্রতিহতের আহবান জানান।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, গতকাল সকাল ১০টায় দিনাজপুরের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দিনাজপুর জেলা স্কুল, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, দিনাজপুর একাডেমি হাইস্কুল, বাংলা স্কুল, ইকবাল স্কুল, সেন্টফিলিপস স্কুল এন্ড কলেজ, সেন্ট যোসেফ স্কুল, পুলিশ লাইন্স হাইস্কুল, আদর্শ কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, কেবিএম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়। জেলার ১৩টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও উক্ত কর্মসূচি পালিত হয়।
রংপুর প্রতিনিধি জানান, রবিবার রংপুরের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জাতীয় পতাকা উত্তোলনসহ গাওয়া হয় জাতীয় সঙ্গীত। রংপুর জেলার ৮ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে এ কর্মসূচি পালিত হয়।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ জেলায় গতকাল সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চালিয়ে যাবার শপথগ্রহণ করে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, ঢাকার প্রজন্ম চত্বরের সাথে একাত্মতা ঘোষণা প্রকাশ করে গতকাল রবিবার নেত্রকোনার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় পথচারীরাও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। এ সময় কোন যানবাহনও চলেনি।
পটুয়াখালী প্রতিনিধি জানান, গতকাল রবিবার পটুয়াখালী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সকাল ১০টায় পটুয়াখালী সরকারি কলেজসহ জেলার ১ হাজার ৭৩৭টি স্কুল-কলেজ-মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় এই কর্মসূচি।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে টিপটিপ বৃষ্টির মধ্যে পতাকা উত্তোলনের সাথে সাথে গেয়ে উঠলো সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত। সকাল ১০টায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে উড়ানো হয় জাতীয় পতাকা। সেই সাথে জানানো হলো রাজাকারদের ফাঁসির দাবি।
পঞ্চগড় প্রতিনিধি জানান, গতকাল সকাল ১০টায় পঞ্চগড়ের সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালিত হয়।
রানীশংকৈল সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গতকাল সকাল ১০টায় একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পৌর শহরের ডিগ্রি কলেজ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেকমরদ বঙ্গবন্ধু কলেজ, কাতিহার উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি পালিত হয়।
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, গতকাল সকাল ১০টায় উপজেলার সকল বিদ্যালয়ে একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালিত হয়েছে।
দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা জানান, ব্লগার প্রকৌশলী আহমেদ রাজীব হায়দার শোভনকে হত্যাকারী ও মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে রবিবার সকাল ১০টায় দেবীদ্বার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালিত হয়েছে।
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও ব্লগার রাজীব হায়দারের খুনিদের গ্রেফতারের দাবি জানিয়ে গতকাল রবিবার রাজবাড়ীর গোয়ালন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, ব্লগার প্রকৌশলী রাজীব হায়দার হত্যার প্রতিবাদে শাহবাগ প্রজন্ম চত্বরের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল রবিবার খাগড়াছড়ির সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির প্রতি সংহতি প্রকাশ করা হয়।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ১০টায় জেলা সদরের স্কুল, কলেজ ও মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জেলার সকল উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানেই অনুরূপ কর্মসূচি পালিত হয়।
