নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য নাসিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ-৫ আসন ভাগ করা হলে শাহবাগের ন্যায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, বন্দরে প্রয়োজনে আরো একটি মুক্তিযুদ্ধ হবে। আমরা প্রয়োজনে আমরণ অনশন করবো। সড়ক-মহাসড়ক অবরোধ, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, ইউএনও কার্যালয় ঘেরাও করবো। নির্বাচন কমিশন ঘেরাও হবে। শাহবাগের মতো নারায়ণগঞ্জেও অনশন করবো। ইতিমধ্যে ১৫ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। ৫০ হাজার গণস্বাক্ষর নিয়ে আমরা নির্বাচন কমিশনে যাবো।
শনিবার বিকালে সর্বদলীয় সংগ্রাম পরিষদ কমিটির উদ্যোগে বন্দর সমর ক্ষেত্র ৭১’র সংলগ্ন মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন এমপি নাসিম ওসমান। বক্তব্য শেষে সকলকে শপথবাক্য পাঠ করান তিনি। মহাসমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে নারায়ণগঞ্জ -৫ আসন রক্ষা কমিটির সাথে একাত্মতা প্রকাশ করেছেন বন্দর থানা বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ। কোন ষড়যন্ত্রের কাছেই তারা মাথা নত করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, নির্বাচন কমিশনারের ভুল সিদ্ধান্তে আজ বন্দরের সর্বস্তরের মানুষ এক কাতারে দাঁড়িয়েছে। শীতলক্ষ্যা সেতু নির্মাণে সংসদ সদস্য নাসিম ওসমানকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি দলীয় সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাব অনুযায়ী নারায়ণগঞ্জ-৫ আসনে এখন বন্দর এলাকাকে যুক্ত করা হয়েছে নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে। আর নারায়ণগঞ্জ-৩ আসনে থাকা সিদ্ধিরগঞ্জ অংশটুকু যুক্ত করা হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সঙ্গে।
