শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর এলাকায় যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মোঃ ওবায়দুর রহমান (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৬ জন। খুলনা থেকে কাওড়াকান্দি ফেরিঘাটগামী বাস মাদারীপুরে শিবচর উপজেলার মাদবরচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে টেম্পোর সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বিআইডব্লিউটিএর কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, শাহাবুল ইসলাম, বাদল বেপারী, মোঃ ফারুক মিয়া, মোঃ চুন্নু ও ফয়সাল গুরুতর আহত হন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ওবায়দুর রহমান মারা যান। আহত শাহাবুল ইসলামও বিআইডব্লিউটিএর কর্মকর্তা। এরা দু’জন আড়িয়াল খাঁ নদীর ড্রেজিং কাজ পরিদর্শন শেষে ঢাকা ফিরছিলেন।
