রংপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭১তম জন্মবর্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ড. ওয়াজেদ স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা পীরগঞ্জ উপজেলার ফতেপুরে প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল পরিষদ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. আবু মো. ইকবাল রুমী শাহ, বিজ্ঞান অনুষদের ডিন ড. গাজী মাজহারুল আনোয়ার, রেজিস্ট্রার (অদা) মো. শাহজাহান আলী মণ্ডল, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ.টি.জি.এম গোলাম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
