রাজৈরে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

আপডেট : ০৩ মে ২০১৯, ২২:৫৩

মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ৮ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই স্কুলছাত্রী নানা বাড়ি থেকে নিজ বাড়ি আসার পথে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় কথিত ধর্ষক হাফিজুল হাওলাদারকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী ঘটনার রাতে বাড়ির পাশেই নানা বাড়ি থেকে নিজ বাড়ি আসছিল। পথে একই গ্রামের জলিল হাওলাদারের বখাটে ছেলে হাফিজুল হাওলাদার তাকে রাস্তার পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর চিত্কারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করলেও ধর্ষক পালিয়ে যায়। শিশুটি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। হাসপাতালের ডাক্তার মো. রিয়াদ মাহমুদ বলেন, ধর্ষণের শিকার শিশুটির সাধ্যমত চিকিত্সা দিচ্ছি আমরা।

শিশুটির মা বলেন, ‘আমরা গরীব ও অসহায় মানুষ বলে এত ছোট মেয়ের এভাবে ক্ষতি করলো লম্পট হাফিজুল। আমি এর কঠোর বিচার চাই।’ এলাকার মেম্বার আবুল কালাম জানান, শিশুটির পরিবার দীর্ঘদিন যাবত্ ধর্ষক হাফিজুলদের বাড়িতে আশ্রিত হিসেবে বসবাস করছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান মিয়া বলেন, ধর্ষণের ঘটনায় ধর্ষক হাফিজুল হাওলাদারকে শুক্রবার বিকেলে গ্রেফতার  করা হয়েছে।