রাজীবের শোককে শক্তিতে পরিণত করার আহ্বান মুক্তিযোদ্ধাদের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৯
নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনের খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। গতকাল রবিবার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম এবং মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। ওই বিবৃতিতে নেতৃদ্বয় রাজীবের শোককে শক্তিতে পরিণত করে দেশব্যাপী আন্দোলন-সংগ্রামকে আরো বেগবান করার জন্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি আহ্বান জানান। গতকাল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা কালোব্যাজ ধারণ করে। বাদ আছর মগবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কার্যালয়ে রাজীবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে গত শনিবার শাহবাগের প্রজন্ম চত্বরে রাজীবের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। সেখানে একাত্তরের মুক্তিযোদ্ধাদের একটি সুসজ্জিত দল নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে রাজীবকে গার্ড অব অনার প্রদান করে।