বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে সদস্যদের স্বার্থ সংরক্ষণে প্রশাসক নিয়োগের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে বাজারে সবজির অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণের কাজ বাণিজ্য মন্ত্রণালয়ের নয়। গতকাল রবিবার বিকালে স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট এর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে তিনি সংসদকে এসব কথা জানান।
মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডেসটিনির বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্তে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্ম পরিদপ্তরকে আহ্বায়ক করে একটি আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ডেসটিনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে চিঠি দেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, হলমার্ক ও শেয়ারবাজার কেলেঙ্কারীর বিষয়গুলো বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট নয়।
সাধনা হালদারে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সদস্যদের স্বার্থ সংরক্ষণে ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। বেগম নূর আফেরোজ আলীর প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিতে এমএলএম ব্যবসার জন্য নিবন্ধিত কোম্পানির সংখ্যা হচ্ছে ৬২টি। যেসব কোম্পানির খপ্পরে পড়ে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের সাথে সংশ্লিষ্ট।
