১৯ ব্লগারের নিরাপত্তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গোয়েন্দা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন । বিশেষ করে ১৯ জন ব্লগারের নাম উল্লেখ করে তাদের সার্বিক নিরাপত্তার ব্যাপারে সংশ্লিষ্ট দফতরগুলোতে নির্দেশপত্রও পাঠানো হয়েছে। এ নিয়ে পুলিশ প্রশাসন থেকে ব্লগারদের সাথে যোগাযোগ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক শীর্ষ কর্মকর্তা জানান, ১৯ জন ব্লগারের সার্বিক নিরাপত্তার ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে পল্লবীতে ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন খুন হওয়ার পর শাহবাগের আন্দোলনকারী ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের তালিকা নিয়ে গোয়েন্দা সংস্থা মাঠে কাজ শুরু করে। তারা ১৯ জন ব্লগারের নামের একটি তালিকা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব ব্লগারদের নিরাপত্তা দেয়ার নির্দেশ দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো ১৯ ব্লগার হলেন: ডা. ইমরান সরকার, অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, প্রীতম আহমেদ, আসিফ মহিউদ্দিন, কামাল পাশা চৌধুরী, মাহবুব রশিদ, লাকি আক্তার, মুক্তা বাড়ৈ, শাকিল আহমেদ অরণ্য, মাহমুদুল হক মুন্সী, আলামিন বাবু, গোলাম রসুল মারুফ, কানিস আলমাস সুলতানা কিনু, জাকির আহমেদ রনি, মোরসালিন মিজান, ডা. রাশেদুল হাসান, পলাশ আহমেদ ও রাকিবুল বাশার রাকিব। গত ১৪ জানুয়ারি উত্তরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন ব্লগার আসিফ মহিউদ্দিন। এ ঘটনার পর বিষয়টি পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা থেকে তেমন কোন গুরুত্ব দেয়া হয়নি। শুক্রবার রাতে ব্লগার রাজীব খুন হওয়ার পর ব্লগারদের নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসন চিন্তা শুরু করে। পুলিশের বিশেষ শাখার ওই শীর্ষ কর্মকর্তা জানান, ব্লগারদেরকে খুব সাবধানে রাজধানীতে চলাফেরা করার নির্দেশ দেয়া হয়েছে। তাদের বাড়ির ঠিকানা সংগ্রহ করে সম্ভাব্য চলাফেরা করার স্থানে গোয়েন্দা সংস্থা তীক্ষ দৃষ্টি রাখছে। শাহবাগে আন্দোলন চলাকালে ব্লগারদের ওপর শিবিরের কেউ টার্গেট করছে কিনা সে বিষয়টিও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্ব দেয়া হচ্ছে।