ধর্মীয় মোড়কে মানুষকে শোষণ করতে দেয়া হবে না :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৫
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ধর্মের মোড়কে আমরা মানুষকে শোষণ করতে দেবো না। সংবিধানের বাইরে তত্পরতা চালাতে দেবো না কোনো রাজনৈতিক গোষ্ঠীকে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি এ কথা বলেন।এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, কোনো কারণেই ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যা চলবে না। এটি আমাদের লক্ষ্য। লক্ষ্য অর্জনে দু’দেশের বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনে নির্দেশনা দেয়া হয়েছে। তবে কিছু ব্যত্যয় ঘটেছে। এ ব্যত্যয় নিয়ে দু’দেশ অনুসন্ধানে ঐকমত্য হয়েছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ দুই দেশের সন্ত্রাসীদের তালিকা বিনিময় হয়েছে। বন্দি বিনিময় চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছি’ উল্লেখ করে তিনি বলেন, কার্যক্রম শুরু হয়েছে। অনুপ চেটিয়াকে ফেরত দেয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুপ চেটিয়ার বিষয়ে কিছু বলা যাবে না। উচ্চতর আদালতে মামলা রয়েছে। তিনি আরও বলেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দু’দেশের সীমান্তে চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্যও হয়েছে। প্রধানমন্ত্রী জামায়াত নিষিদ্ধ করার কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনার অবস্থান কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের অবস্থান সুস্পষ্ট করা হয়েছে। এতে কোনো ভিন্নমত নেই। ভিন্নতর অবস্থান করার অবকাশ নেই।