চাঁদা না পেয়ে প্রধান শিক্ষককে পেটালেন আওয়ামী লীগ নেতা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিক্ষকরা চাঁদা না দেয়ায় প্রধান শিক্ষককে পেটালেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। চাঁদা না দিলে দুনিয়া থেকে সরিয়ে দেয়ারও হুমকি দেয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার তোলাতলা মোড়ে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী মিছিল ও সমাবেশ করেছে। বিজয়নগরে মেরাসানী পলিটেকনিক একাডেমীর প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, গত ৩ ফেব্রুয়ারি স্কুলে গণিতের জন্য শিক্ষক জয়নাল আবেদীন ও সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমেদকে নিয়োগ দেয়া হয়। আনোয়ার হোসেন শিক্ষকদের কাছে বিশ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। গত শনিবার শিক্ষকরা স্কুলে আসার পথে আনোয়ার বাধা দিলে আমি ও মেরাসানী বাজার কমিটির সভাপতি আওয়াল মিয়া সমস্যার সমাধানের চেষ্টা করলে আমাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এ ব্যাপারে বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমার ওপর হামলা চালান এবং আগামী ৭ দিনের মধ্যে ১ লাখ টাকা না দিলে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় গতকাল স্কুলের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ আনোয়ারের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম জানান, আনোয়ার মাদকাসক্ত ও দুষ্ট প্রকৃতির লোক। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহাম্মেদ নিজামী জানান, অন্যায়ভাবে আনোয়ার প্রধান শিক্ষককে মারধর করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।