আইনমন্ত্রী বলেছেন, জামায়াত-শিবির সন্ত্রাসী দল। তারা জঙ্গিবাদ করে আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাই এ দলটিকে সংবিধান অনুযায়ী নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সরকার এ লক্ষ্যে কাজ করছে। জামায়াতকে নিষিদ্ধ করতে উচ্চ আদালতে বিচারাধীন রিট পিটিশনের দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। গতকাল রবিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে পেশাজীবী সমন্বয় পরিষদের সাথে বৈঠককালে আইনমন্ত্রী এসব কথা বলেন।
সভায় আইন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ কামরুল ইসলাম, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এডভোকেট এ এফ এম মেজবাহ উদ্দীন, মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং পরিষদের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের বিচার সুসম্পন্ন করার স্বার্থে এবং দেশের রাজনীতি কণ্টকমুক্ত করতে ৭ দফা দাবি পেশ করা হয়।
আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বন্ধে যারা কথা বলছে ’৭১-এর বর্বরতার দিকে তাকিয়ে তাদের কথা বলতে বলেছি। হিউম্যান রাইটস ওয়াচ, এমনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন অপরাধীদের নিযুক্ত লবিস্টদের দ্বারা প্রভাবান্বিত হয়ে বিভিন্ন কথা বলছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন প্রণয়নে বিদেশি বিশেষজ্ঞরাও যুক্ত ছিলেন। বিশ্বের ২০টি দেশ এ আইন অনুসরণ করে সমতুল্য আইন করেছে বলে তিনি জানান।
আইন প্রতিমন্ত্রী বলেন, জামায়াতকে নিষিদ্ধ করা সময়ের দাবি। তাদের নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। জামায়াত-শিবিরের বিরুদ্ধে নতুন প্রজন্ম যে বিপ্লব ঘটিয়েছে তা থেকে সরে আসার সুযোগ নেই।
এদিকে গতকাল ওয়াশিংটনের ইন্টারন্যাশনাল ল’ ইনস্টিটিউট এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) আয়োজিত ‘এডভান্সড আরবিট্রেশন’ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক দলের উদ্দেশ্য ও আদর্শ সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধীদের রাষ্ট্রপতির ক্ষমার অযোগ্য ঘোষণা করে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনের যে দাবি তুলেছে সে প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার এ ব্যাপারে চিন্তা-ভাবনা ও পরীক্ষা-নিরীক্ষা করছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে।
