রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবস আজ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান শিক্ষক দিবস আজ। ঊনসত্তুরের গণঅভ্যুত্থানের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে রসায়ন বিভাগের রিডার ড. মোহাম্মদ শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানী সেনাদের গুলিতে নিহত হন। তিনিই এদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। সেই থেকে এ দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসাবে পালিত হচ্ছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকের কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন, সকাল পৌনে ৭টায় প্রশাসনের পক্ষে শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ। সকাল দশটায় অনুষ্ঠিত হবে সিনেট ভবনে জোহাস্মারক বক্তৃতা। এতে স্মারক বক্তৃতা দিবেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা। এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ ড. শামসুজ্জোহা স্মারক ভাস্কর্যে মোমবাতি প্রজ্বলন ও ড. শহীদ জোহার জীবনভিত্তিক চলচ্চিত্র ‘দাবানল’ প্রদর্শিত হবে। এ দিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।