ক্ষমতা বদল হলেও নিরাপত্তাসহ সহযোগিতা অব্যাহত থাকবে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৩
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, ক্ষমতায় কোন দল এল সেটা বড় কথা নয়, আমরা চাই সম্পর্কের ধারাবাহিকতা। ক্ষমতা বদল হলেও নিরাপত্তাসহ সব ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা টিকিয়ে রাখতে চাই। সন্ত্রাসবাদ দমন বা নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সরকারের যে সহযোগিতা পেয়েছি তাতে আমরা খুশী ও সন্তুষ্ট। এটা বিশ্বাস করার কোন কারণ নেই যে, সহযোগিতা অক্ষুণ্ন থাকবে না। সম্পর্ক আর সহযোগিতা দুই দেশের ও জনগণের মধ্যে। গতকাল রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। দুইদিনের সফরকে ‘সফল’ ও ‘চমত্কার’ অভিহিত করে তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতির মার্চের প্রথম সপ্তাহের সফর নিয়ে আলোচনা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে নয়াদিল্লী যাবেন। এ বিষয়ে আলোচনা করেছি। সীমান্ত প্রসঙ্গে বলেন, একটি নিরাপদ সীমান্ত পরিস্থিতি তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি। সহসাই এর সুফল পাব। সীমান্ত সংক্রান্ত প্রটোকল কার্যকরে সংবিধান সংশোধনী বিল এ মাসেই লোকসভায় উঠবে। এটি পাস হলে তা হবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলস্টোন। তিস্তা চুক্তির জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সঙ্গে কাজ করছি।