সীমান্তে আর গুলি না চালানোর অঙ্গীকার বিএসএফের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৩
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর বিদ্যাবাগিশ সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ’র গুলিতে কলেজ ছাত্র নিহতের ঘটনায় গতকাল রবিবার বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি’র তীব্র প্রতিবাদের মুখে ছাত্র মোকছেদুল হত্যাকাণ্ডের ঘটনায় পতাকা বৈঠকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে আগামীতে সীমান্তে আর গুলি চালাবে না বলে অঙ্গীকার করেন বিএসএফ কর্তৃপক্ষ। এদিকে বিএসএফ-এর হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল দুপুরে কালো ব্যাচ ধারণ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ফুলবাড়ী ডিগ্রী কলেজের সহপাঠী ও শিক্ষার্থীরা। বিএসএফ-এর গুলিতে নিহত কলেজ ছাত্র মোকছেদুলের লাশ ময়না তদন্ত শেষে শনিবার রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।