হরতালে বিজিবি মাঠে থাকছে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৬
হরতালে আইন-শৃঙ্খলা রক্ষায় আবারো মাঠে থাকছে বিজিবি। গতকাল রবিবার রাত ৮টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়। আজ ভোর ৬টা পর্যন্ত মাঠে নিরাপত্তার দায়িত্ব পালন করলেও পরিস্থিতি অনুযায়ী বিজিবি হরতালেও মোতায়েন থাকবে। এ ব্যাপারে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, পরিস্থিতি অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে। তবে রাজধানীতেই শুধু দায়িত্ব পালন করবে। রাজধানীর বাইরে সারাদেশে বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। এলাকার পরিস্থিতি অনুযায়ী তারা মাঠে কাজ করবে। বিজিবি’র সূত্র জানায়, ১০ প্লাটুন বিজিবি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে তারা টহল ডিউটি পালন করবে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের ডাকা হরতালের আগের দিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছিল।