আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, শাহবাগের তরুণরা চেতনার বিপ্লব ঘটিয়েছেন। এই চেতনাকে ছড়িয়ে দিয়ে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি করতে হবে। নতুন প্রজন্মের নেতৃত্বে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধে আমাদের বিজয়ী হতেই হবে।
গতকাল রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে জাসদ নেতা প্রয়াত কাজী আরেফ আহমেদের স্মরণ সভায় তিনি একথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, জামায়াত-শিবিরের ক্যাডাররা রাজীবকে খুন করেছে। মানুষ জবাই করতে ওরা ওস্তাদ। তরুণরা আজকে জীবনবাজি দিয়ে মাঠে নেমেছে । আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে যেকোন কর্মসূচি আমাদের সফল করতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় নেতা ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর আক্তারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল এমপি, সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, শিরিন আকতার, নাজমুল হক প্রধান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারেক আরিফ, কাজী আরেফ আহমেদের ভাই কাজী ইসমাইল প্রমুখ।
তথ্যমন্ত্রী ইতিহাসের মোড় বদলের সূচনাকারী হিসেবে কাজী আরেফকে আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে সামনের দিকে নিয়ে যেতে হলে তিনটি গুরুত্বপূর্ণ ধাপ আমাদের অতিক্রম করতে হবে। একটি হলো যুদ্ধাপরাধীদের বিচার। দুই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। তিন যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে বর্জন করতে হবে।
