বরগুনা ও গফরগাঁওয়ে দুই জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৭
বরগুনা জেলা জামায়াতের সাংগঠনিক সম্পদক ডা. কাজী বেলায়েত হোসেনকে গতকাল রবিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনার শেরে বাংলা সড়কের ফার্মেসি পট্টির চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ শীলমনি চাকমা জানান, নাশকতার আশংকায় গ্রেফতার করে গতকালই তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গফরগাঁও সংবাদদাতা জানান, গফরগাঁওয়ে গতকাল রবিবার সকালে পৌর এলাকার ইসলামিয়া লাইব্রেরির সামনে থেকে গফরগাঁও উপজেলা জামায়াতের রোকন দত্তেরবাজার ইউনিয়নের কন্যামণ্ডল মা ফাতেমা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলামকে গফরগাঁও সদর থানা পুলিশের সহায়তায় উপজেলার পাগলা থানা পুলিশ গ্রেফতার করে। পাগলা থানার এসআই ফজলুল হক জানান, গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত টাঙ্গাব ইউনিয়নের সাবেক সভাপতি প্রাক্তন ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা আফতাবউদ্দিনের স্বীকারোক্তি মোতাবেক সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গৌরীপুরে জামায়াত নেতা গ্রেফতার গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গৌরীপুর থানা পুলিশ রবিবার সকালে দেলোয়ার হোসেন লিটন নামে জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, উপজেলা সদরের উত্তর বাজারের মকবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন লিটনকে নাশকতা ও তার বাসায় জামায়াতের রোকনদের নাশকতার প্রশিক্ষণ দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।