বৈদেশিক মুদ্রায় বন্ড কেনার ক্ষেত্রে সবধরনের জটিলতা দূর করতে বাংলাদেশ ব্যাংক অভিবাসী বাংলাদেশিদের জন্য একটি যোগাযোগ ইউনিট গঠন করেছে। এ ইউনিট থেকে বন্ডের ক্রেতা, ক্রেতার সুবিধাভোগী বা কিনতে আগ্রহীদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, অভিযোগের নিষ্পত্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এসব ক্ষেত্রে কোন জটিলতা বা অভিযোগ থাকলে সে বিষয়ে ওই ইউনিটের সঙ্গে যোগাযোগ করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সঞ্চয়পত্র, সঞ্চয় বন্ড ও প্রাইজবন্ড শাখায় এ ইউনিট গঠন করা হয়েছে। প্রবাসীদের জন্য বর্তমানে বৈদেশিক মুদ্রায় কেনার জন্য তিনটি বন্ড রয়েছে। এগুলো হচ্ছে- ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং প্রিমিয়াম বন্ড। এসব বন্ডে প্রবাসী বাংলাদেশিরা বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ করতে পারেন। এ ইউনিটে ব্যাংকগুলো যোগাযোগ করে বন্ডে বিনিয়োগ-সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও অভিযোগের নিষ্পত্তি করতে পারবেন।
