তেজগাঁওয়ে আইটি বিশেষজ্ঞ অপহূত

আপডেট : ০৩ মে ২০১৯, ২২:৫৮

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের আইটি শাখার সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান শাহীন (৩৮)  অপহূত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তেজগাঁও সাত রাস্তা মোড়ের আকিজ হাউজ অফিসের সামনের ফুটপাত থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছেন।

অভিযোগ পাওয়ার পর তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে গত ১ এপ্রিল মিরপুর ডিওএইচএস এলাকা থেকে অপহূত কামরুল হাসান (৩১) নামে আইটি বিশেষজ্ঞকে পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার  জানান, অপহরণের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। অনুসন্ধান চালিয়ে তাকে উদ্ধারসহ জানার চেষ্টা করছি কি কারণে তাকে  অপহরণ করা হয়েছে। অপহূতের আত্মীয় মো. মঞ্জু সাংবাদিকদের জানান, সিসি ক্যামেরায় দেখা যায় ফুটপাতের সামনে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। শাহীন ফুটপাত দিয়ে হাঁটার সময় মোবাইল ফোনে চোখ রাখতে দেখা যায়। এসময় তিনজন মানুষ শাহীনের পেছন দিয়ে তার কাছে যায়। মাইক্রোবাসটি ধীরগতিতে সামনের দিকে চলে আসে। মাইক্রোবাসটির ভেতর থেকে একজন দরজা খোলেন এবং শাহীনের পেছনে থাকা তিনজন তাকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে দরজা আটকে দ্রুত চলে যায়। ঘটনার পর শুক্রবার সকালে অপহূতের মামা সাইফুল ইসলাম তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি জিডি করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আলী হোসেন খান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। ভিডিওতে অপহরণের বিষয়টি স্পষ্ট হলেও কারা অপহরণ করেছে সেটি স্পষ্ট নয়।

পুলিশের একটি সূত্র জানায়, শাহীন ভারতের ব্যাঙ্গালোর থেকে নেটওয়ার্কিংয়ের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। দেশে তিনি আইটি বিশেষজ্ঞ হিসাবে পরিচিত। তার সঙ্গে কারো কোনো বিরোধ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া কোনো ছিনতাইকারী গ্রুপ তাকে নিয়ে গেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

গত ১ এপ্রিল মিরপুর ডিওএইচএসের ১০ নম্বর সড়কের ৫ নম্বর লেনের ৭৬৪ নম্বর বাড়ির সামনে থেকে আইটি বিশেষজ্ঞ কামরুল হাসান (৩১) অপহূত হন। কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে পাস করে একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। মিরপুরের বারুণেরটেক এলাকার ১৪/১ নম্বর বাসায় তিনি সপরিবারে থাকতেন। এ ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা বিমান বাহিনীর সাবেক মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. রুস্তম আলী। গতকাল পর্যন্ত পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।