এবার দোকানও দেবে গুগল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৮
টেক জায়ান্ট গুগল তাদের নানা ধরনের পণ্য আর সেবা দিয়ে ছড়িয়ে পড়েছে প্রযুক্তি বিশ্বের সর্বত্র। তবে তাদের কার্যক্রম এতদিন ধরে সীমাবদ্ধ ছিল অনলাইনের বিভিন্ন সেবাতেই। অনলাইনে গুগল স্টোরের মাধ্যমে তারা তাদের পণ্য ও সেবা বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এবারে গুগল নিজেরাই বাস্তব দুনিয়াতেও দোকান দিয়ে বসতে যাচ্ছে। সম্প্রতি এমনটিই জানিয়েছে নাইনটুফাইভগুগল নামের একটি ওয়েবসাইট। বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রথম আউটলেট বা বিক্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছে গুগল। পরবর্তীতে তাদের বিক্রয়কেন্দ্রের সংখ্যা আরও বাড়বে বলেই জানা গেছে। এ খবর প্রকাশ হওয়ার পর থেকেই প্রযুক্তি বিশ্বে আলোচনা চলছে এই বিক্রয়কেন্দ্রে গুগল কী বিক্রি করবে, তা নিয়ে। খবরে প্রকাশ, এসব বিক্রয়কেন্দ্র স্থাপনের মূল লক্ষ্য গুগল’র বিক্রি বাড়ানো নয়, বরং গুগল’র বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে সকলকে অবহিত করা। ইতোমধ্যেই গুগল তাদের নিজস্ব নেক্সাস ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পিসি বাজারে এনেছে। তাদের নিজস্ব ক্রোমবকুও বাজারে আসার কথা রয়েছে। আর তাদের অন্যান্য সেবার কথাও যাতে সকলের কাছে সঠিকভাবে পৌঁছে যায়, সেটাই নিশ্চিত করা হবে এই স্টোরের মাধ্যমে।