জার্মানির ‘ছদ্মনাম’ মামলায় জিতল ফেসবুক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৯
একশ কোটি ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে যাওয়ার পরেও ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফেসবুকের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি এতে আসছে নানা ধরনের পরিবর্তন। এরই ধারাবাহিকতায় ফেসবুক সর্বশেষ যে নীতিমালা তৈরি করেছে, তাতে বলা হয়েছে, ছদ্মনামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাবে না; ফেসবুকে প্রোফাইল তৈরি করতে হলে ব্যবহার করতে হবে আসল নাম। ফেসবুকের এই নীতিমালার বিরুদ্ধে অবস্থান করে জার্মানিতে মামলা দায়ের করে এক প্রতিষ্ঠান। জার্মানির আইন অনুযায়ী যে কেউ তার প্রয়োজনে ছদ্মনাম ব্যবহারের অধিকার রাখেন বলে ফেসবুকের এই নীতিমালা তার সাথে সাংঘর্ষিক। এতে করে মানুষের অধিকার খর্ব হচ্ছে বলেই এই মামলাটি দায়ের করা হয় ফেসবুকের বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত এই মামলার রায়টি গেছে ফেসবুকের পক্ষেই। রায়ে বলা হয়েছে, ফেসবুকের নীতিমালা অনুযায়ীই ছদ্মনাম ব্যবহার করা যাবে না ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে; ব্যবহার করতে হবে আসল নাম। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফেসবুকের যুক্তরাষ্ট্রের বাইরের কার্যক্রম পরিচালিত হয় আয়ারল্যান্ড থেকে। ফলে জার্মানিতে ছদ্মনাম ব্যবহারের যে অনুমতি প্রদান করা রয়েছে, তা ফেসবুকের জন্য প্রযোজ্য হবে না বলেই জানিয়েছে আদালত। গত ডিসেম্বরে জার্মানির একটি আদালতে এই মামলা দায়ের করা হয় জার্মানির ডাটা প্রটেকশন সংস্থার পক্ষ থেকে। ফেসবুকের নীতিমালা জার্মানির প্রচলিত আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই এই মামলায় বলা হয়। এ প্রসঙ্গে ফেসবুক তখন জানিয়েছিল, তারা তাদের নীতিমালায় অনড় এবং এই বিষয়ে লড়াই চালিয়ে যাবে। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে ফেসবুকেরই। আদালতের এই রায়ে অবশ্য জার্মানির ডাটা প্রটেকশন সংস্থাটি খুশি হয়নি। রায়ের প্রতিক্রিয়ায় তারা জানিয়েছে, আদালতের এই রায় অত্যন্ত বিস্ময়কর এবং স্ববিরোধী। তবে ফেসবুক এই রায়ের প্রতিক্রিয়ায় আনন্দিত বলেই জানিয়েছে। ফেসবুকের একজন মুখপাত্র এই রায় প্রসঙ্গে জানান, এমন একটি রায়ে তারা খুশি এবং এটি সঠিক পথটিই বাতলে দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে ডাটা প্রটেকশন সংস্থাটি আবেদন করার দুই সপ্তাহ সময় পাবে। তবে তারা আবেদন করবে কি না সে বিষয়ে এখনও কিছু জানায়নি।  মোজাহেদুল ইসলাম