ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া (৪৯) পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এ জয় তিনি মিত্র ভেনেজুয়েলার অসুস্থ প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে উত্সর্গ করেছেন। রোববার ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪০ শতাংশ ভোট গণনার পর দেখা যায় বামপন্থী ক্যারিশম্যাটিক এ নেতা ৫৭ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিয়ো পার্টির প্রার্থী গুয়িলারমো ল্যাসো পেয়েছেন ২৪ শতাংশ ভোট। বাকি ভোট গণনায় নির্বাচনী এ ফলাফলে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলেই মনে করছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ। বিজয় দাবি করার পর প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হওয়া উত্ফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন কোরেয়া।
প্রাসাদের বারান্দা থেকে তিনি বলেন, “এই বিপ্লব কেউ থামাতে পারবে না। ঔপনিবেশিক শক্তিগুলো এখন আর আমাদের অভিভাবক না। এই বিপ্লবের নিয়ামক শক্তি ইকুয়েডরের জনগণ এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।” যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অর্থনীতিবিদ কোরেয়া ২০০৭ সালে প্রথমবারের মতো ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
