নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বাউসি রাজ্যে একটি নির্মাণ কোম্পানিতে বন্দুকধারীদের হামলায় এক নিরাপত্তারক্ষী নিহত হওয়া ছাড়াও অন্তত ছয় বিদেশি কর্মী অপহূত হয়েছে। অপহূতদের একজন ইতালীয়, একজন গ্রিক এবং অন্য দু’জন লেবানীজ, একজন ফিলিপিনো এবং অপর একজন ব্রিটিশ বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্য ব্রিটিশ কর্মী অপহূত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে ইতালি, গ্রিক, লেবানন এবং ফিলিপাইন তাদের কর্মী অপহূত হওয়ার খবর নিশ্চিত করেছে। অপহরণের দায় কেউ স্বীকার করেনি। কিন্তু ইসলামি জঙ্গি দল বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে কয়েকদফা বোমা হামলা চালিয়েছে। বাউসি রাজ্যে নির্মাণ কোম্পানির কর্মীদের জামারে ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা। এতে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়। নাইজেরিয়ায় সামপ্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় অপহরণের ঘটনা। কোম্পানীগুলোর কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের জন্য তেল কর্মী ও অন্যান্য বিদেশী কর্মীদের প্রায়ই অপহরণ করে জঙ্গিরা।
