ইতিহাস সচেতন জাতিমাত্রই অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত্ বিনির্মাণে সুচিন্তিত পরিকল্পনার আশ্রয় নেয়। আমরা জানি ইতিহাস শুধু অতীতকে নিয়েই আলোচনা করে না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পৃথিবীর বহু দেশ আজ তাদের পুরো চেহারাটাই পাল্টে ফেলেছে। অতীতের আলোয় বর্তমানকে শেখা মানে একই সঙ্গে বর্তমানের আলোয় অতীতকে শেখা। অতীত ও বর্তমানের পারস্পরিক সম্পর্কের মধ্যদিয়ে দু’-এর সম্পর্কে আরো গভীর এক বোধ সঞ্চারিত করাই ইতিহাসের কাজ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমাদের বাংলাদেশে আজ ইতিহাস চর্চা মারাত্মকভাবে উপেক্ষিত। পৃথিবীর বহু দেশে জাতীয় ইতিহাস পাঠ বাধ্যতামূলক। অথচ আমাদের দেশের চিত্র তার বিপরীত। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রালগ্নে যে ১২টি বিভাগ নিয়ে পাঠদান কার্যক্রম শুরু হয় এর অন্যতম একটি বিভাগ ছিল ইতিহাস। প্রখ্যাত ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজুমদার ছিলেন এই বিভাগের প্রধান। ১৯২৯ সালে ইতিহাস বিভাগের অধীনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগটি খোলা হয়। অথচ আশ্চার্যের ব্যাপার হচ্ছে, যে ইসলামের ইতিহাস ইতিহাস বিভাগের একটি অংশ হিসাবে প্রায় ১০ বছর পর চালু হয়। সেটি এখন বাংলাদেশের প্রায় সব কলেজে পড়ানো হয়। বিষয় হিসাবে ইসলামের ইতিহাসকে খাটো করা কিংবা বিদ্বেষপরায়ণ হয়ে আমি ইতিহাসের গুণকীর্তন করছি না। শুধুমাত্র এইটুকু বলতে চাচ্ছি যে, ইতিহাসের খণ্ডিত একটি অংশ যদি দেশের সকল কলেজ থাকতে পারে তাহলে স্বীয় ঐতিহ্যে বলীয়ান মূল ইতিহাসের এই করুণ দশা কেন? দেশের অধিকাংশ কলেজে আজ বিষয় হিসাবে ইতিহাসকে খুঁজে পাওয়া যায় না। পত্রিকান্তরে প্রকাশিত এক তথ্য থেকে জানা যায়, দেশের মোট ১২২০টি এমপিওভুক্ত কলেজের মধ্যে ৫৮১টিতে ইতিহাস বিষয়ে পাঠদান হয় না। ২২৩৪টি এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার কোনোটিতে ইতিহাস পড়ানো হয় না।
বর্তমান সরকারের শিক্ষানীতির মূল কথা যদি হয় শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন, উদার গণমুখী, প্রগতিশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তোলা তাহলে ইতিহাসবিহীন পাঠ্যসূচি দিয়ে তা কি সম্ভব? আমাদের আত্মপরিচয়ের সন্ধান দেবে ইতিহাস। আমাদের মূল্যবোধকে জাগ্রত করবে ইতিহাস। আমাদের দেশপ্রেমিক করে গড়ে তুলবে আমাদের ইতিহাস। সুতরাং আমাদেরকে জানতে হলে, চিনতে হলে, বুঝতে হলে অবশ্যই এবং অতি অবশ্যই জাতীয় ইতিহাস চর্চা করতে হবে এবং তা পাঠ্যসূচিতে বাংলা-ইংরেজির মতো বাধ্যতামূলকভাবে থাকতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এমদাদুল হক, প্রভাষক, ইতিহাস বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, গাজীপুর।
