চেলসি ও সিটির বড় জয়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৪
এফএ কাপে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দলগুলো স্বরূপে ফিরল। গত রবিবার চতুর্থ রাউন্ডের ফিরতি লেগে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ৪-০ গোলে তৃতীয় স্তরের দল ব্রেন্ডফোর্ডকে হারিয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি (পঞ্চম রাউন্ড) সমান ব্যবধানে লিডস ইউনাইটেডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। চতুর্থ রাউন্ডে চেলসি ও ব্রেন্টফোর্ডের প্রথম লড়াই অমীমাংসিত (২-২) থাকায় আবারো তাদের লড়াই করতে হয়েছে। এবার চেলসি বড় ব্যবধানে জয় পেল। মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চেলসির হয়ে রবিবার ১৯৯তম গোলটি করলেন। স্টামফোর্ড ব্রিজে চেলসির অপর তিন গোলদাতা হলেন জুয়ান মাতা, অস্কার এবং জন টেরি। চেলসি পঞ্চম রাউন্ডে দ্বিতীয় বিভাগের দল মিডলসবরোর বিপক্ষে লড়াই করবে ২৭ ফেব্রুয়ারি। চেলসির হয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন ববি টামব্লিঙ্কস (২০২ গোল)। ল্যাম্পার্ডের সামনে এখন সেই রেকর্ড ভেঙে দেয়ার সুযোগ রয়েছে। আর্জেন্টিনার সার্জিও অ্যাগুয়েরোর জোড়া গোলে ভর করে ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে লিডস ইউনাইটেডকে হারায়। ইয়ায়া তোরে এবং আরেক আর্জেনাইন কার্লোস তেভেজ অপর দু’টি গোলের মালিক। শেষ আটে ম্যানসিটির প্রতিপক্ষ বার্নসলে। এদিকে কোয়ার্টারে উইগানের প্রতিপক্ষ হবে ওল্ডহ্যাম নয়তো এভারটন। গতকাল পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিডিংয়ের ম্যাচ ছিল। ম্যাচটিতে অ্যালেক্স ফার্গুসনের দল জিতলে কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে মিডলসবরোকে হারাতে হবে চেলসিকে।