অবশেষে সিদ্ধিরগঞ্জবাসীর দুঃখ ডিএনডি ক্যানেল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ৭নং ওয়ার্ড কদমতলী নাভানা সিটি এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত্ আইভী ফলক উম্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন। দীর্ঘ ১৫ বছর ধরে এ সড়কটি মেরামত না হওয়ায় আদমজী ইপিজেডগামী হাজার হাজার শ্রমিকসহ সিদ্ধিরগঞ্জবাসীর দুঃখে পরিণত হয়েছিল এ সড়কটি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জাইকার অর্থায়নে প্রায় শত কোটি টাকা ব্যয়ে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা হতে শিমরাইল গলাকাটা ব্রিজ পর্যন্ত ডিএনডি ক্যানেল সড়কের উন্নয়ন, ড্রেন, ব্রিজ ও ওয়াকওয়ে নির্মাণ, ডিএনডি মেইন খাল পুনঃখনন ও ল্যান্ডস্কেপিংসহ সৌন্দর্য বর্ধন করা হবে। দীর্ঘদিন কষ্ট ভোগের পর হাতির ঝিলের আদলে ক্যানেলসহ সড়ক পাবে এই ভেবে এলাকার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সিটি গভর্নেন্স প্রজেক্টের আওতায় দুটি প্যাকেজে আগামী ৪৫০ দিনের মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে। প্রকল্পটি সম্পন্ন করবে স্টারলাইট সার্ভিসেস লিমিটেড ও মেসার্স উদয়ন বিল্ডার্স।
