ফুলবাড়ী সীমান্তে ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর বিদ্যাবাগিশ সীমান্তে গত শনিবার ভোর রাতে ভারতীয় বিএসএফের গুলিতে ফুলবাড়ী ডিগ্রী কলেজের স্নাতক শ্রেণির ছাত্র মকছেদুল হত্যাকাণ্ডের প্রতিবাদে কালো ব্যাচ ধারণ করে বিক্ষোভ মিছিল ও মাবনবন্ধন করেছে ফুলবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা । গত রবিবার ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীরা কালো ব্যাচ ধারণ করে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের তিনকোনা মোড়ে জড়ো হয়। সেখানে প্রথম দফা মানববন্ধন শেষে নিহতের বাড়ির পাশে জুম্মার পাড় নামক স্থানে দ্বিতীয় মাবনবন্ধন করে শিক্ষার্থীরা। সেখানে কবরে জিয়ারতে অংশ নেয় উপস্থিত ছাত্র-ছাত্রীসহ এলাকার সাধারণ জনগণ । প্রায় ৩০ মিনিট মাবনবন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের ছাত্র তহিদুল ইসলাম, হাসানুজ্জামান সুমন, শিউলী খাতুন, ছাবিনা ইয়াসমীন এবং নিহতের বড় ভাই মজিবর রহমান। পরে শিক্ষার্থীরা ইউএনওর মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করে।