গুরুদাসপুরে ড.জোহাকে নিয়ে নির্মিত চলচিত্র প্রদর্শন
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা \ নাটোরের গুরুদাসপুরে ড. জোহার নামে প্রতিষ্ঠিত ‘বিলচলন শহীদ সামসুজ্জোহা বিশ্ববিদ্যালয় কলেজ ড. জোহা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেষে ড. জোহাকে নিয়ে নির্মিত ‘দাবানল’নামে একটি প্রামান্য চলচিত্র প্রদর্শন করা হয়।
নাসিরনগরে ডাকাতির প্রস্তুুতিকালে গ্রেফতার তিন
নাসিরনগর সংবাদদাতা \ নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কুলিকুন্ডা গ্রামের দক্ষিণ পাশের খোলা মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশী ধারালো অস্ত্র পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হল উপজেলা সদরের ইনাম মিয়া (৩৮), আবদুল্লা (২০) ও দাঁতমন্ডল গ্রামের লাফু মিয়া (১৯)।
মহেশপুরে এমপি ব্যাডমিনটন উদ্বোধন
মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা \ রবিবার রাতে মহেশপুর অডিটরিয়ামের ভেতরে এমপি ব্যাডমিনটনের ১৬ দলের খেলা উদ্বোধন করেন ঝিনাইদহ ৩ আসনের এমপি এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহব্বায়ক আব্দুর রশিদ খান। উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও বিএনপি নেতা আজিজুল হক খান, শ্রমিকলীগ নেতা কবির হোসেন ।
রাজৈরে ওয়াজ মাহফিল
টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা \ রাজৈর উপজেলার বাসাবাড়ী মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল সোমবার থেকে ৩দিনব্যাপী ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে ।
বামনডাঙ্গায় সিআইজির প্রশিক্ষণ
গাইবান্ধা প্রতিনিধি \ ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে ষ্ট্রেংদেনিং ডেমোক্রেটিক লোকাল গর্ভনেন্স (এসডিএলজি) প্রকল্পের রিফ্রের্শাস প্রশিক্ষণ সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় রবিবার অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশ নেন ইউনিয়নের সিআইজি ফোরামের নির্বাহি কমিটির সদস্যরা।
রানিশংকৈলে জনস্বাস্থ্য বিষয়ক কর্মশালা
রানিশংকৈল সংবাদদাতা \ ঠাকুরগাওয়ের রানিশংকৈল পৌরসভা কার্যালয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পানি সরবরাহ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খসড়া মাস্টার প্লান বিষয়ে মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
কলমাকান্দায় অবহিতকরণ সভা
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ব্র্যাক ওয়াশ (এল,জি,আই) কর্মসূচির আওতায় সভার জন্য স্যানিটেশন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।
মুরাদনগরে শিক্ষকসহ আট পরীক্ষার্থী বহিষ্কার
হোমনা সংবাদদাতা \ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় এসএসসি (ভোকশেনাল) গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২ শিক্ষকসহ ৮ পরীর্ক্ষাথীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কুমিল্লায় ট্রাকচাপায় একজন নিহত
কুমিল্লা প্রতিনিধি \ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় ট্রাকের চাপায় মতিন নামের এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার রাত এ দুর্ঘটনা ঘটে। নিতহ মতিনের (৪৫) বাড়ি গাজীপুরের বিলাসপুর।
লালমনিরহাটে নয়া দিগন্ত পত্রিকায় অগ্নিসংযোগ
লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল সোমাবার কতিপয় যুবক মোগলহাট রেল গেট সংলগ্ন নর্থ বেঙ্গল গেস্ট হাউসের সামনে কয়েকটি নয়া দিগন্ত পত্রিকায় অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রবিবার রাত থেকে জেলা শহরের ক্যাবল অপারেটরেরা টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশন এর প্রচার বন্ধ করে দিয়েছে।
কুমিল্লার বিজয়পুরে ইউপি চেয়ারম্যানের শপথ
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রব জিলানীকে রবিবার শপথ পাঠ করান কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজাউল আহসান।
রামগড়ে গণতান্ত্রিক যুব ফোরামের আহ্বায়ক কমিটি
খাগড়াছড়ি প্রতিনিধি \ রামগড় উপজেলায় রবিবার গণতান্ত্রিক যুব ফোরামের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জয়ন্ত ত্রিপুরাকে আহ্বায়ক, শালেন্দ্র ত্রিপুরাকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটি গঠন উপলক্ষে রামগড় দারোগা পাড়া ব্যাপ্টিস্ট কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর মেয়রের অনুদান
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজে অনার্সের কোর্সের শিক্ষার্থীদের জন্য বই ক্রয়ের জন্য গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। রবিবার গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ৫০ হাজার টাকার চেক কলেজের অধ্যক্ষ হিমাংশু কুমার আচার্যের নিকট হস্তান্তর করেন।
মির্জাপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ এসএম মিয়াজ উদ্দিন রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উপজেলা সদরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী।
স্যানিটেশন বিষয়ে বোদায় কর্মশালা
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \ বোদা পৌর এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার প্রস্তাবিত উন্নয়ন সংক্রান্ত খসড়া মাস্টার প্লানের উপর পৌরবাসীর মতামত গ্রহণ শীর্ষক কর্মশালা রবিবার বোদা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। বোদা পৌরসভা এর আয়োজন করে। পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী আলতাবুর ইসলাম।
উজিরপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
বরিশাল অফিস \ উজিরপুরের মিয়ারহাট বন্দরে রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। ক্ষতি হয়েছে কমপক্ষে কোটি টাকার মালামাল। আগুন নিভাতে গিয়ে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রফিক নামের এক ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনায় অস্ত্র ও গুলিসহ আটক এক
পাবনা প্রতিনিধি \ পাবনা আটঘড়িয়া ডাঙ্গাপাড়া খিদিরপুর এলাকা থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ অতুল কুমার (৩০) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব সদস্যরা। রবিবার তাকে আটক করা হয়। আটক অতুল কুমার উপজেলার ডাঙ্গাপাড়া খিদিরপুর গ্রামের অজিত কুমারের ছেলে।
বড়াইগ্রামে পিতা-পুত্রের কারাদণ্ড
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুরে মাদক বিক্রির অভিযোগে পিতা-পুত্রকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার তাদেরকে এ দণ্ড প্রদান করা হয়। দেশি মদসহ রাজাপুর গ্রামের মৃত পিতর বিশ্বাসের ছেলে রেনু বিশ্বাস (৫০) এবং তার ছেলে মানু বিশ্বাস (২৩) কে আটক করে পুলিশ। পরে রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম তাদেরকে এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
সাতকানিয়ায় শিশু-কিশোরদের সুরক্ষায় সেমিনার
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ রবিবার সাতকানিয়া থানা মাঠে আইনের সংস্পর্শে আসা শিশু-কিশোরের সুরক্ষায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রাক্তন আইজিপি ও সহ-সভাপতি রিটায়ার্ড পুলিশ অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ (আরপিওডব্লিউএবি) এম শহীদুল ইসলাম। সেমিনারে উপস্থিত ছিলেন প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার মোজাফ্ফর রহমান আখন্দ।
পীরগঞ্জে বিনামূল্যে চিকিত্সা প্রদান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জের মোবারক আলী ও জমিলা খাতুন চ্যারিটেবল ট্রাস্ট রবিবার পৌর অডিটরিয়ামে চক্ষুক্যাম্পের আয়োজন করে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাববীর আহমদ। নির্বাহী কমিটির সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. এ এম কামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউএনও শাববীর আহমদ।
ঘাটাইলে বাকশিসের ত্রিবার্ষিক সন্মেলন
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল সোমবার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার ত্রিবার্ষিক সন্মেলন প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক জুলফিকার-ই-হায়দারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাকশিস কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক ওবায়দুল হক খান, অধ্যক্ষ জেবুন নেছা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, অধ্যক্ষ লুত্ফুন নাহার প্রমুখ।
কুমিল্লা আইডিইবি’র নতুন কমিটি
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা \ ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কুমিল্লা জেলা শাখার ২০১৩-২০১৪ টার্মের নির্বাচনে প্রকৌশলী মো. মোখলেছুর রহমানকে (বিদ্যুত্ উন্নয়ন বোর্ড) সভাপতি ও প্রকৌশলী মো. হাফিজ উদ্দিনকে (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট জেলা নির্বাহী কমিটি গঠন করা হয়।
হোমনায় ফয়সাল মাহমুদের কৃতিত্ব
হোমনা সংবাদদাতা \ মো. ফয়সাল মাহমুদ ইসলামী ফাউন্ডেশন আয়োজিত রচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় কুমিল্লা জেলায় প্রথম স্থান অধিকার করেছে। সে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং হোমনা ডিগ্রি কলেজের অধ্যাপক মো. মহসীন ও হোমনা মডেল একাডেমীর অধ্যক্ষ সায়মা নুসরাতের জ্যেষ্ঠ পুত্র।
জগন্নাথপুরে উচ্চশিক্ষা বৃত্তি বিতরণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার জগন্নাথপুর টিএন্ডটি রোডের ব্যাংক ভবনে আয়োজিত উচ্চশিক্ষা বৃত্তির তিনজন মেধাবী ছাত্রকে জনপ্রতি ৩৪ হাজার টাকা করে ১ লাখ ২ হাজার টাকার চেক প্রদান করা হয়।
মধুখালীতে আমিন জুয়েলার্সের ত্রাণ বিতরণ
ফরিদপুর প্রতিনিধি \ মধুমতি নদী ভাঙ্গনের শিকার ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন চর এলাকার সহস্রাধিক মানুষের মাধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আমিন জুয়েলার্স লি.। রবিবার উপজেলার মধুমতির প্রত্যন্ত চর এলাকার চরগয়েশপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আমিন জুয়েলার্স মালিক স্বত্বাধিকারী ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম সহস্রাধিক মানুষের হাতে লুঙ্গি, শাড়িসহ ত্রাণসামগ্রী তুলে দেন।
বিশ্বনাথে পুরস্কার বিতরণ
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে শনিবার উপজেলার মর্নিংস্টার একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ করেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তর-পূর্বের সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
