হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে যুব সংগ্রাম পরিষদের মিছিল-সমাবেশ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫০
হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে গতকাল নগরীতে মিছিল ও সমাবেশ করেছে যুবসংগ্রাম পরিষদ। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ হতে শুরু হয়ে নুর হোসেন স্কয়ার, মুক্তাঙ্গন, পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবসংগ্রাম পরিষদ নেতা মহানগর যুবলীগ (দক্ষিণ) সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট-এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, যুব আন্দোলনের সভাপতি মোশাহিদ আহমেদ, জাতীয় যুব ঐক্যের সভাপতি খায়রুল আলম, মহানগর যুবলীগ (দক্ষিণ) সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ প্রমুখ। মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, জনগণ জেগে উঠেছে, কোন ষড়যন্ত্র কাজ হবে না। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নির্বাচনী ইস্তেহারে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে জনগণ ভোট দিয়েছে সেই জনতা-বিশেষ করে নতুন প্রজন্ম তাদের বিরুদ্ধে জেগে উঠেছে এটাই হচ্ছে জনগণের ক্ষমতায়ন। হারুন অর রশীদ বলেন, জনগণ জামায়াত-শিবিরের হরতাল প্রত্যাখ্যান করেছে। তিনি পাড়া-মহল্লায় যুবসংগ্রাম পরিষদের নেতৃত্বে জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও প্রতিহত করার জন্য জাগ্রত ছাত্র, যুব জনতার প্রতি আহবান জানান। -প্রেস বিজ্ঞপ্তি