যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের সমাবেশ থেকে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।
বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিরোধী মত, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকারকে দলন করে আসছে। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন হয়ে শাসক দল সরকারি ক্ষমতাকে ব্যবহার করে সন্ত্রাস, দখল, লুটপাটসহ সর্বগ্রাসী দুর্নীতিতে নিজেদের আকণ্ঠ নিমজ্জিত রেখেছে। সরকারি দল তাদের অপশাসন টিকিয়ে রাখতে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে গুম, অপহরণ ও গুপ্তহত্যার মতো নৃশংস পথ বেছে নিয়েছে।
শাহবাগের সমাবেশে তরুণ-তরুণীদের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম- এমন মন্তব্য করে তিনি বলেন, তরুণ সমাজকে দলীয়করণের অপকৌশল সম্পর্কে সজাগ হতে হবে। জনগণের মধ্যে স্পষ্ট ধারণা সৃষ্টি করতে হবে যে, শাহবাগের এই আন্দোলন দলমত নির্বিশেষে তরুণ সমাজের আন্দোলন। শাহবাগ চত্বরে সরকারের ভয়াবহ অপকীর্তিগুলো যুক্ত করে একটা সার্বজনীন আন্দোলনের সম্ভাবনাকে ব্যর্থ করতে ক্ষমতাসীন মহলের সুদূরপ্রসারী চক্রান্ত সম্পর্কেও তরুণ-তরুণীদের সচেতন হতে হবে। অন্যথায় এ মঞ্চে ক্ষমতাসীন জোটের কর্মীদের তত্পরতা থাকলে মানুষকে সন্দিহান করে তুলবে। শাহবাগের মঞ্চ থেকে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ড. পিয়াস করিম, ড. আসিফ নজরুলের ন্যায় দেশ ও দশের প্রতি সহমর্মী, সত্যনিষ্ঠ ও দৃঢ়চেতা সাংবাদিক ও শিক্ষাবিদদের হুমকি দেয়া হলে জনগণের কাছে এ আন্দোলনের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য ক্ষুণ্ন হবে বলে মন্তব্য করেন খালেদা জিয়া।
