প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করলেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ার্সি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২২
যুক্তরাজ্য ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৃশংসতার সঙ্গে জড়িতদের যথাযথ প্রক্রিয়ায় বিচার দেখতে চায়। সফররত যুক্তরাজ্যের দক্ষিণ-এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী ব্যারোনেস সৈয়দা ওয়ার্সি গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত্কালে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৈঠকে বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। শেখ হাসিনা বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিলের বিধান রয়েছে। যদিও অন্য কোনো দেশে এ ধরনের আইনে এমন কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে রোহিঙ্গা উদ্বাস্তু ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির অনুরোধ করেন। এ ব্যাপারে তিনি বিশেষ করে যুক্তরাজ্যসহ বিশ্ব সম্প্র্রদায়ের সহযোগিতা কামনা করেন। সফররত মন্ত্রী বিগত ৪ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এর জবাবে শেখ হাসিনা বলেন, তার সরকার খাদ্য নিরাপত্তা অর্জন এবং বিভিন্ন গণমুখী কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করেছে। এছাড়া সরকার কঠোর হাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে। পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কমিশনকে শক্তিশালী ও স্বাধীন সংস্থায় পরিণত করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচন আরো সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদ করেছে। শেখ হাসিনা বলেন, বিগত ৪ বছরে কমিশন সাড়ে ৫ হাজারেরও অধিক নির্বাচন করেছে। এসব নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি। অ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ ও বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।