যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত এবং সর্বোচ্চ শস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিরা। রবিবার প্যারিসে বাংলাদেশি বংশোদ্ভূতদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের নবজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ করে। আইফেল টাওয়ারের পাদদেশে ট্রকাডেরোর মানবাধিকার চত্বরে সংহতি সভায় ব্লগার রাজীব আহমেদকে হত্যার নিন্দা জানানো হয় এবং জড়িত সবাইকে আটক ও বিচারের দাবি জানানো হয়। মোমবাতি প্রজ্বলন করা হয়। জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। গণসঙ্গীত ও শ্লোগান মুখর হয়ে উঠে মানবাধিকার চত্বর। জাতীয় কবিতা পরিষদ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সাধারণ সম্পাদক আহমেদ আলী দুলাল, সোনার বাংলার জুয়েল ও দ্বীপ, স্বরলিপির এমদাদুল হক স্বপন, ব্লগার রনি ও এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া এ সমাবেশের আয়োজন করেন।
