পাঁচ আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৪
কেরানীগঞ্জের শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলার ৫ আসামিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসাথে আসামিদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দ্রুত আদালতে দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। আসামিদের জামিন বাতিলের পর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। এর আগে আসামিদের জামিন দেয়ায় হাইকোর্ট ঢাকার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদকে তলব করেছিল। তলব আদেশের পরই জজ আব্দুল মজিদ রবিবার মামলার ৫ আসামির জামিন বাতিল করে তাদের আজ মঙ্গলবারের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। গতকাল জামিন বাতিল সংক্রান্ত আদেশের নথি হাইকোর্টে উপস্থাপন করেন ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট অমিত তালুকদার। তিনি বলেন, জেলা ও দায়রা জজ আদালতের জামিন বাতিলের আদেশে বলা হয়েছে পরাগ অপহরণ মামলাটি একটি আলোচিত মামলা। আসামিরা জামিনে মুক্ত হয়ে বাদীসহ আত্মীয়-স্বজনদের ভয়ভীতি দেখাচ্ছে। এছাড়া মামলাটির তদন্ত কাজেও আসামিরা বাধা সৃষ্টি করছে। এ কারণে তাদের জামিন বাতিল করা হল। এরপরই হাইকোর্ট আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন এবং বিচারককে তলব আদেশ প্রত্যাহার করে নেন। এ সময় আবেদনকারীর কৌঁসুলি এডভোকেট ইউনুস আলী আকন্দ উপস্থিত ছিলেন। আসামিরা হচ্ছে আবুল কাসেম, আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা, আলফাজ হোসেন, রিজভী আহম্মেদ, মামুন মিয়া। গত বছরের ১১ নভেম্বর সকাল সোয়া সাতটার দিকে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাড়ির অদূরে গাড়িতে ওঠার সময় ছয় বছরের পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় আসামিরা তার মা, বোন ও গাড়ির চালককে গুলি করে। অপহরণের ৬৪ ঘণ্টা পর ১৩ নভেম্বর রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় অচেতন অবস্থায় পরাগকে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এ মামলায় পুলিশ ও র্যাব ১১ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ‘মূল পরিকল্পনাকারী’ মোক্তার হোসেন ওরফে আমিরকে গত ২৫ নভেম্বর টঙ্গী থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।