নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী আটক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ইমকং এল. ইমচেনকে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্রসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার তার নির্বাচনী এলাকা মোকোকচাং জেলার করিডাঙ্গায় যাওয়ার পথে আসাম রাইফেল তাকে আটক করে জেলা প্রশাসন ও পুলিশের কাছে হস্তান্তর করে। খবর বিবিসি ও এনডিটিভির। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইমচেনের গাড়ি থেকে এক কোটি ১০ লাখ রুপি, অস্ত্র ও মদ উদ্ধার করা হয়। আগামী ২৩ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন। ইমচেন নাগাল্যান্ড পিপলস ফ্রন্টের প্রার্থী। মোকোকচাং জেলায় এই দলের ১০ জন প্রার্থী রয়েছেন। এখানে দলের প্রচারের নেতৃত্ব দিচ্ছেন ইমচেন। আটকের ব্যাপারে ইমচেনের কোন বক্তব্য পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনে প্রার্থীদের অনিয়ম রোধে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বেশি নগদ অর্থ সঙ্গে না রেখে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে বলেছে। ভোটারদের প্রভাবিত করার জন্য অর্থ অথবা অন্যকিছু দেয়া হচ্ছে কিনা তা দেখতে একটি বিশেষ টিম রাখা হয়েছে। গত শনিবার নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল ইমচেনের দলের এক প্রার্থীর এক কোটি রুপি উদ্ধার করা হয় একটি হেলিকপ্টার থেকে। ভোটারদের মদ অথবা অর্থ দিয়ে ভোট নেয়ার ঘটনা অতীতে ঘটেছে।