এক লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে মায়ের কোলে ফিরে এসেছে উপজেলার হবিরবাড়ী লবণকোঠার অপহূত শিশু ইসমাইল হোসেন জীবন। গতকাল সোমবার ভোরে জামালপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয় ।
জানা গেছে, গত শুক্রবার বিকালে হবিরবাড়ী লবণকোঠা গ্রাম থেকে রমজান আলীর দুই বছর বয়সী ছেলে জীবনকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে জীবনের পরিবারের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় রমজান আলী ভালুকা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলা করার দুই দিন পরেও পুলিশ জীবনকে উদ্ধারে ব্যর্থ হয়। পরে রমজান আলী অপহরণকারীদের সঙ্গে টাকার অংক নিয়ে দর কষাকষি শুরু করে। পরে মুক্তিপণের পরিমাণ নির্ধারণ হয় এক লাখ টাকা। ময়মনসিংহ থেকে বিকাশের মাধ্যমে অপহরণকারীদের এক লাখ টাকা পরিশোধ করা হয়। পরে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় অপহরণকারীদের দেয়া ঠিকানা অনুযায়ী গতকাল ভোরে জামালপুরের চৌরাস্তা মোড় থেকে জীবনকে উদ্ধার করা হয়।
