অবশেষে স্বস্তির বৃষ্টি

আপডেট : ০৪ মে ২০১৯, ০০:১৫

অবশেষে এলো স্বস্তির বৃষ্টি। প্রায় তিন সপ্তাহজুড়ে দাবদাহে অতিষ্ঠ ছিল নগরবাসী। অতি প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গতকাল শুক্রবার ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হয়েছে। দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হয়েছে। ফলে কেটে যায় দাবদাহ। ঠান্ডা অনুভূত হয় চারপাশে। শুক্রবার সকালে ভারতের ওড়িশায় আঘাত হানার পর ঘূর্ণিঝড় ফণীর অগ্রভাগ বাংলাদেশে পৌঁছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়।

গত ১৩ এপ্রিল সর্বশেষ ঢাকায় বৃষ্টি হয়। এরপর ঢাকা ছিল প্রায় বৃষ্টিহীন। বৃষ্টিহীন থাকায় দিনে দিনে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। সৃষ্টি হয়েছে দাবদাহের। ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তাপপ্রবাহের ফলে সৃষ্ট হয়েছে ভ্যাপসা গরমের। এর ফলে হাঁসফাঁস করতে থাকে নগরবাসী। সকলে অপেক্ষায় ছিল এক পশলা বৃষ্টির জন্য। কাঙ্ক্ষিত সেই বৃষ্টির দেখা মিলেছে গতকাল সকালে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা ও রাঙ্গামাটি অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।