গল্প নয় সত্যি

অ্যাকুরিয়ামে রোবট মাছ!

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৬
সময়ের সাথে পাল¬া দিয়ে মানুষের ব্যস্ততা যেমন বেড়েছে ঠিক তেমনি ক্ষেত্রবিশেষে যেন বেড়ে গেছে আলসেমিও। আর তাই আধুনিক এই সময়ের অনেক মানুষই বাড়তি কষ্টের কথা ভেবে পোষা প্রাণী বা অ্যাকুরিয়ামে মাছ পালতে চান না। তবে যারা মাছ পালা বা মাছের যত্ন নেবার ঝক্কি সামলাতে না চাইলেও ঘরের মাঝের অ্যাকুরিয়ামে একখানা মাছ রাখতে চান তাদের জন্যই এবার বিকল্প এক উপায় নিয়ে এসেছে বিশ্বখ্যাত খেলনা নির্মাতা প্রতিষ্ঠান জুরু। এর ফলে অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করেই সত্যিকারের মাছের পরিবর্তে রোবট মাছ পালতে পারবেন আগ্রহীরা। জুরু জানিয়েছে, তাদের তৈরি এই রোবট মাছটি দেখতে যেমন অনেকটা অ্যাকুরিয়ামের মাছের মতো তেমনি এর বিচরণও হুবহু মাছের মতোই। বিশেষ করে, অ্যাকুরিয়ামের সীমিত পরিসরে মাছেরা যেভাবে এলোমেলোভাবে সাঁতার কেটে বেড়ায় ঠিক তেমনি জুরুর তৈরি এই রোবট মাছটিও একইভাবে ঘুরে বেড়াতে পারবে। আর বিশেষ ধরণের সেন্সর থাকার কারণে পানি থেকে উপরে উঠিয়ে নিলেই থেমে যাবে মাছটির ছটফটানি। অন্যদিকে রোবট মাছ হওয়ায় এটিকে যে সাধারণ মাছের মতো কোনো খাবার দিতে হবে না সে তো বলাই বাহুল্য। মূলত হাঙরের আদলে তৈরি এবং হাতের তালুর সমান আকৃতি এই মাছটির বাহ্যিক অবয়বও এতোটাই নিখুঁত যে মাত্র কয়েক ফুট দূর থেকে দেখেও এটিকে রোবট বলে সন্দেহ হবে না। এ বছর অনুষ্ঠিত টয় ফেয়ারে প্রদর্শন করা এই রোবট মাছটি চালাতে হাতঘড়ির ব্যাটারির মতো দুটি ব্যাটারি লাগবে। আর এর দামও খুব একটা বেশি নয়। শুধু মাছের দাম ৯.৯৯ ডলার বা বাংলাদেশি টাকায় ৮০০ টাকার মতো। আর মাছটির পাশাপাশি যদি কেউ অ্যাকুরিয়ামও কিনতে চান তাহলে দাম পড়বে ১৯.৯৯ ডলার। জুরু জানিয়েছে, প্রথম দিকে মাছটি কেনার সময় একজোড়া ব্যাটারি সংযুক্ত করে দেওয়ার পাশাপাশি অতিরিক্ত আরও একজোড়া ব্যাটারিও সাথে সরবরাহ করবে তারা।