রাজধানীর কাওরান বাজার এলাকায় হাতি নিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা তোলার সময় হাতিসহ দুজন মাহুতকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় তাদের আটক করা হয়। পরে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে দুই মাহুতকে সাজা দেওয়া হয় এবং হাতি দুটিকে চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, জনগণকে ভয় দেখিয়ে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে দুই মাহুতকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বণ্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হাতি দুটিকে উদ্ধার করে চিড়িয়াখানায় পাঠানো হয়। র্যাবের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, হাতির মাধ্যমে চাঁদাবাজির ঘটনায় এর আগে এক জনের মৃত্যুর খবরও পাওয়া যায়। সেই সঙ্গে অনেকে হাতির দ্বারা নাজেহাল হন বলে তথ্য পাওয়া যায়।
