সুদানের বিক্ষোভকারীরা সেনাবাহিনীর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করে বেসামরিক সরকার গঠনের সুযোগ দেয়ার যে আহ্বান জানিয়েছে তা জোরালোভাবে প্রত্যাখান করেছেন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা। সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল বলা হয়েছে, যতই দাবি জানানো হোক না কেন তারা অন্তর্বর্তী সরকার ভেঙে দেবে না। তবে বিক্ষোভকারীদের যদি কোনো কিছু বলার থাকে সেটার জন্য আলোচনার পথ খোলা আছে। আর যদি তারা বর্তমান সরকারে যুক্ত হতে চায় তবে কিছু সংখ্যাক বেসামরিক প্রতিনিধি নেয়া হবে। বাড়াবাড়ি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল আব্দেল খালেক আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, বর্তমান সরকার ভেঙে দেয়ার দাবি থেকে আপনারা সরে আসুন। সেনাবাহিনী এখনো ধৈর্য্য ধারণ করে আছে। আপনারা যদি সরকারে অংশ নিতে চান তবে অর্ধেক সংখ্যক সদস্য আমরা নিতে পারি। তবে পুরো ক্ষমতা বেসামরিক কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেয়া সম্ভব নয়। তবে আন্দোলনকারীরা বলেছে, ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা বশিরকে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। সেনাবাহিনীকেও সেই পথে যেতে বাধ্য করবে। পরিস্থিতি আরো বেশি খারাপ হবার আগেই যেন সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেয়। কিংবা বেসামরিক সরকার গঠন করে সেনাবাহিনী নামমাত্র প্রতিনিধি রাখুক।
