পীরগঞ্জে বই মেলা শুরু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ মঙ্গলবার থেকে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পাইলট হাই স্কুল প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাব্বীর আহমদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বই মেলা চত্বরে এসে শেষ হয়।
নাসিরনগরে প্রশিক্ষণ কর্মশালা
নাসিরনগর সংবাদদাতা \ বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নাসিরনগর আঞ্চলিক কার্যালয়ে উপজেলার ৮টি ব্রাঞ্চের বিএমদের মঙ্গলবার আশার সফটওয়্যার ওপর আই.টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আশার এসিসটেন্ট সার্পোট ইঞ্জিনিয়ার(এএসই) মোঃ জুবায়ের ইবনে সাঈদ।
ফুলবাড়ীয়ায় জুয়ার আসর
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের কালীবাড়ি চালা নামক স্থানে ডাকাত কালুর ছেলে ও থানার দালাল শহিদের ভাতিজা বিল্লাল দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালাচ্ছে। তাস,কড়ি পটগুটি দিয়ে চলা এ জুয়ার আসরে এ উপজেলার জুয়াড়ি ছাড়াও ৪/৫টি উপজেলার দাগী আসামিরা এ জুয়ার আসরে ভিড় করে।
নাটোরে দুই ছিনতাইকারী আটক
নাটোর প্রতিনিধি \ নাটোর শহরের ছায়াবানী মোড়ে অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে নাটোর থানা পুলিশ। নাটোর শহরের কান্টিভটুয়া মহল্লার কামাল শেখের ছেলে জনি ও মল্লি¬কহাটি মহল্ল¬ার বাবলু মণ্ডলের ছেলে জিন্না। তারা দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল বলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ ও নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্ল¬াহ আল মামুন জানান।
গাইবান্ধায় উদীচীর অনুষ্ঠান শুরু
গাইবান্ধা প্রতিনিধি \ ৭১’র মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে তরুণ প্রজন্মের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে উদীচী গাইবান্ধা জেলা সংসদ তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা গতকাল সোমবার থেকে শুরু করেছে।
গৌরনদীতে প্রদীপের সভা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ দক্ষিণাঞ্চলের উপকূলীয় হতদরিদ্র মানুষের দরিদ্রতা বিমোচন, অধিকার আদায়, জনগণের ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা পাবলিক পলিসি ফোরামের সদস্যদের নিয়ে কর্মসহায়ক গবেষণাপ্রাপ্ত তথ্য উপস্থাপন উপলক্ষে এক সভা গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুরে দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে কর্মশালা
পিরোজপুর অফিস \ সোমবার দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে ব্র্যাকের উদ্যোগসমূহ অবহিতকরণ বিষয়ে পিরোজপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ নূরুল আমিন।
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট নির্বাচন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ শ্রীপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সোমবার প্রাইমারী স্কুলের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীরা স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করে।
গাইবান্ধায় বই মেলা শুরু
গাইবান্ধা প্রতিনিধি \ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। মেলায় স্থানীয় বিজ্ঞান সংগঠন ও বিদ্যালয়গুলোর ১০টিসহ মোট ৩০টি স্টল রয়েছে।
বানিয়াচংয়ে মানববন্ধন
হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে কয়েকটি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী। সোমবার উপজেলা পরিষদের সামনের রাস্তায় অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেয়।
তাড়াইলে পিঠা উত্সব
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে চার দিনব্যাপী বই মেলা ও পিঠা উত্সব সোমবার উদ্বোধন করা হয়েছে। এতে ২০টি স্টল স্থান পায়।
কাজীপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন
কাজীপুর ( সিরাজগঞ্জ ) সংবাদদাতা \ সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে কাজীপুরে যমুনা থেকে দেদারছে বালি উত্তোলন চলছে। এতে করে সংশ্লিষ্ট এলাকার জেগে ওঠা চরের ভাঙনসহ নদীর গতিপথ পরিবর্তন হওয়ার আশংকা দেখা দিয়েছে । সম্প্রতি কাজীপুর উপজেলার মেঘাই ঘাট এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমা আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বালি ব্যবসায়ীদের ৫০ হাজার টাকা জরিমানা করেন।
নরসিংদী শ্রমিক ফেডারেশনের কমিটি
নরসিংদী প্রতিনিধি \ সোমবার নরসিংদী জেলা শ্রমিক ফেডারেশনের ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শ্রমিক নেতা মুন্না মিয়াকে সভাপতি এবং ইব্রাহিম মিয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
নড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত ৩
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুর নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি সোমবার চাঁদা না দেয়ায় স্থানীয় মসজিদ কমিটির সভাপতি সামসুল হক বেপারীকে ও গিয়াস উদ্দিন সরদারকে টেটা দিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
বান্দরবানে গণসংগীত সমাবেশ
বান্দরবান প্রতিনিধি \ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বান্দরবানে গণসংগীত এবং মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল পৃথকভাবে মিছিল করেছে জেলা ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষ্মী পদ দাশ, আওয়ামী লীগ নেতা চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্চয়, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
মুরাদনগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি
হোমনা সংবাদদাতা \ মুরাদনগর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনতন্ত্র মোতাবেক যথাসময়ে অনুষ্ঠিত না হওয়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল আওয়ালের সভাপতিত্বে এক জরুরি সভায় অধ্যাপক মোহাম্মদ শাহ আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অপর দু’জন সদস্য হলেন, এএমএম মোঃ মুজিবুর রহমান ও মোঃ মিজানুর রহমান সরকার।
রায়পুরে কৃষকদের দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ মঙ্গলবার রায়পুর উপজেলা ওয়াপদা রেস্টহাউজে চাঁদপুর সেচ প্রকল্পের (সিআইপি) আওতাধীন স্থানীয় ৩০ জন কৃষকের দক্ষতা উন্নয়ন শীর্ষক ২ দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন সিআইপির উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা আবদুল মতিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রেলস্টেশন এলাকার একটি পুকুর থেকে মঙ্গলবার পুলিশ অজ্ঞাত এক যুবকের (২৫) ভাসমান লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী জানায়, তেলুয়াড়ি গ্রামের কুদরত আলীর পুকুরে মঙ্গলবার ওই যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ পৌরবাসীর বিক্ষোভ
মানিকগঞ্জ প্রতিনিধি \ মানিকগঞ্জে দীর্ঘদিন ধরে বাসা-বাড়িতে গ্যাস না পেয়ে বিক্ষুব্ধ পৌরবাসী নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার এলাকার গৃহবধূসহ সর্বস্তরের মানুষ ঝাড়ু হাতে শহরের পোড়রা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে সমাবেশ করে।
গফরগাঁওয়ে একুশে বইমেলা
গফরগাঁও সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে শুরু হয়েছে ৫দিনব্যাপী অমর একুশে বইমেলা। গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো মাঠে সোমবার বইমেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেল।
সৈয়দপুরে শিশুর মৃত্যু
সৈয়দপুর সংবাদদাতা \ নীলফামারীতে মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মেহেদী হাসান (১)। সে ওই আবাসন প্রকল্পের বাসিন্দা ময়নুল ইসলামের পুত্র। শিশুটি খেলতে খেলতে কোয়ার্টার সংলগ্ন ড্রেনে পড়ে যায়।
শৈলকুপায় ৩ দিন ধরে দলিল রেজিস্ট্রি বন্ধ
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের শৈলকুপা সাব-রেজিস্ট্রার অফিসে ৩ দিন ধরে দলিল রেজিস্ট্রি বন্ধ রয়েছে। এ অফিসের দলিল লেখকগণ একযোগে ভ্রমণে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সাব-রেজিস্ট্রার অফিসের এক সূত্রে জানা যায়, সকল দলিল লেখকগণ তাদের বার্ষিক পিকনিক ও ভ্রমণে যান গত শুক্রবার। ফলে রবিবার থেকে দলিল রেজিস্ট্রি বন্ধ রয়েছে। আগামী রবিবার থেকে ফের দলিল রেজিস্ট্রি শুরু হবে বলে উক্ত সূত্র জানায়।
শ্রীপুর টেলিফোন এক্সচেঞ্জের তারসহ তিন চোর গ্রেফতার
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ শ্রীপুরে টেলিফোন এক্সচেঞ্জের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের তার চুরির সময় হাতেনাতে ৩ চোর গ্রেফতার হয়েছে। পরে তার চোর তোফাজ্জল হোসেন, সোহেল ও শাহজাহানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। জানা যায়, রবিবার গভীর রাতে শ্রীপুর মাওনা সড়কের ভাংনাহাটি এলাকায় মাটি খুঁড়ে টেলিফোনের আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরি করে বস্তায় ভরে নেয়ার সময় পার্শ্ববর্তী টেংরা গ্রামের জনতা তারসহ ৩ চোরকে ধরে গণধোলাই দেয়।
