ন্যানি ও জাভিয়ার হার্নান্দেজের গোলে ভর করে গত সোমবার রাতে অনুষ্ঠিত এফএ কাপের পঞ্চম রাউন্ডের খেলায় রিডিংকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পর্তুগালের উইঙ্গার ন্যানি প্রথমার্ধে ফিল জোন্সের বদলে মাঠে নেমেছিলেন। জোন্স ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন। কিন্তু ন্যানি ইউনাইটেডকে এগিয়ে দেন দ্বিতীয়ার্ধে দারুণ গতির শটে গোল করে। মেক্সিকোর তারকা খেলোয়াড় হার্নান্দেজ ইউনাইটেডের জয়সূচক গোলটি করেন হেডে।
ইউনাইটেড কোয়ার্টার ফাইনালে লড়বে চেলসি নয়তো মিডসবরোর মধ্যে জয়ী দলের বিরুদ্ধে।
স্যার অ্যালেক্স ফার্গুসনের দলটি প্রথম থেকেই আক্রমণ করে খেলতে থাকে। কয়েকটি গোলের সুযোগও পায় তারা। কিন্তু রিডিংয়ের গোলরক্ষক অ্যাডাম ফেডরিচি সেসব প্রচেষ্টা ব্যর্থ করে দেন। রেড ডেভিলসরা এই ম্যাচে চ্যালেঞ্জার মধ্যে পড়ে এবং ৮১ মিনিটে একটি গোল শোধ করে দিয়েছিলেন রিডিংয়ের জবি ম্যাকআনাফ। ফার্গুসন ম্যাচ শেষে বলেন, ‘আমাদের এই মানের খেলায় আমি সন্তুষ্ট।’
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত সপ্তাহে ১-১ গোলে ড্র করেছিল ইউনাইটেড।
এফএ কাপের ম্যাচে সেই দলের আট জনকে পরিবর্তন করা হয়। তিনি আরো বলেন,‘২-০ তে এগিয়ে থাকা মোটেও সুবিধাজনক নয়। ন্যানি ম্যাচ সেরা হওয়ার দাবিদার। দলের জন্য তার অবদান অসাধারণ। আমার মনে হচ্ছে সে ম্যাচ ম্যাচটি জিতিয়ে দিয়েছে। পরবর্তী রাউন্ডে খেলাটা আমাদের মাঠেই। আর তাই যেকোন প্রতিপক্ষের বিপক্ষে লড়তে প্রস্তুত।’
রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালই সামলেছিলেন ইউনাইটেডের জোন্স। মার্চে ফিরতি লেগে তিনি এখন অনিশ্চিত গোড়ালি চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় ম্যাকআনাফের সাথে তার সংঘর্ষ হয়। তার বদলে ন্যানি নেমেছিলেন মাঠে।
