সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠেয় টেস্ট সিরিজে খেলতে পারছেন না। বাঁ-হাতের মধ্যমায় চিড় ধরার কারণে বাংলাদেশ দলের সফরের সময় অন্য ঘরানার খেলাগুলোতেও তার অংশগ্রহণ অনিশ্চিত। লঙ্কান টেস্ট দলে মাহেলার বদলে নেয়া হয়েছে থিলান সামারাবিরাকে।
সিনহলিজ স্পোর্টস ক্লাবে গত রবিবার প্রথম শ্রেণীর ম্যাচে স্লিপে ক্যাচ নিতে গিয়ে ইনজুরির কবলে পড়েন তিনি। পরে স্ক্যান করা হলে দেখা গেছে হাড় সামান্য সরে গেছে। তাকে হয়তো চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। গতকাল মঙ্গলবার মাহেলার অস্ত্রোপচার হয়ে যাওয়ার কথা।
শ্রীলংকা ক্রিকেট এ বলা হয়,‘তার স্ক্যান ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে আরো পর্যবেক্ষণ করে দেখার জন্য। কিন্তু অভিজ্ঞরা বলছে, পরিস্থিতি খুব একটা ভালো নয় বর্ষীয়ান এই ব্যাটসম্যানকে বাংলাদেশের সিরিজে খেলানোর জন্য।’ অস্ট্রেলিয়া সফরে বাজে খেলার কারণে সামারাবীরাকে দল থেকে বাদ দেয়া হয়েছিল। কিন্তু চলমান প্রথম শ্রেণীর টুর্ণামেন্টে রানে রয়েছেন তিনি। এসএসসির হয়ে পাঁচ ইনিংসে দু’টি সেঞ্চুরি এবং একটি হাফ-সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান। এখন পর্যন্ত লিগে তিনি হলেন দ্বিতীয় সর্বাধিক রানের অধিকারী। কুমার সাঙ্গাকারাও প্রথম টেস্টে খেলার জন্য সময়মতো সেরে উঠতে লড়াই চালিয়ে যাচ্ছেন। বক্সিং টেস্টে তিনি ইনজুরির কবলে পড়েন। এখন তিনি নেটে হালকা অনুশীলন করছেন। আগামী সপ্তাহে অনুশীলন আরো জোরদার করার কথা রয়েছে তার। ধারণা করা হচ্ছে বাংলাদেশ সফরের আগে কিছুটা ব্যথা নিয়ে হলেও প্রথম শ্রেণীর প্রতিযোগিতাটিতে শেষ রাউন্ডের খেলাগুলোয় অংশ নিবেন তিনি। বাংলাদেশ দল ২৮ ফেব্রুয়ারি শ্রীলংকায় এসে পৌঁছাবে। এই সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। এছাড়াও আছে একটি অনুশীলন ম্যাচ। বাংলাদেশের সফর শেষ হবে ৩১ মার্চ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকা ও বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ৮ মার্চ। কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১৬ মার্চ।
