এ্যাপোলো হসপিটালস ঢাকার তথ্যসেবার জন্য বাংলা ওয়েবসাইট চালু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৯
সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের দায়বোধ আমাদের বেশ অনেক দিনের। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো। তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রার পথ ধরে বাংলা ভাষার সমৃদ্ধির নানা দিক উন্মোচিত হলো। এর পরও আমরা কেন যেন পারছি না নিজেদের এই চেতনার দায়কে সর্বাত্মকভাবে মেটাতে। একুশে ফেব্রুেয়ারি সামনে রেখে রাজধানী ঢাকার এ্যাপোলো হসপিটালসে তথ্য সেবার জন্য বাংলা ওয়েব সাইট চালু হওয়ায় এ ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ হলো। এখন থেকে www.apollodhaka.com ওয়েব ঠিকানায় ইংরেজির পাশাপাশি বাংলায়ও হাসপাতালটির চিকিত্সা সেবার বিস্তারিত তথ্য জানা যাবে। গতকাল মঙ্গলবার সকালে এ্যাপোলো হসপিটালস অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ওয়েব সাইটটি উদ্বোধন করেন বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মঞ্জুর ই মাওলা এবং কথাসাহিত্যিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। ‘মায়ের ভাষায় আশার ঠিকানা’ প্রতিপাদ্য করে বর্ণমালার বর্ণিল সাজে হাসপাতালের অডিটোরিয়ামে ওয়েবসাইটটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠান শুরুতে এ্যাপোলো হসপিটালসের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক ডা. শাগুফা আনোয়ার বলেন, ‘এ্যাপোলো হসপিটালস ঢাকা বাংলাদেশের প্রথম ও একমাত্র জেসিআই সনদপ্রাপ্ত হাসপাতাল। জেসিআই হলো— যুক্তরাষ্ট্রের জয়েন কমিশন ইন্টারন্যাশনাল নামের অলাভজনক প্রতিষ্ঠান। তারা সঠিক রোগের সঠিক চিকিত্সা সেবা নিশ্চিত করতে চায়। ২০০৮ সালে এ্যাপোলো হসপিটালস এই সনদ পায়।’ মঞ্জুর ই মাওলা বলেন, ‘রোগী ও চিকিত্সকের মধ্যে যোগসূত্র খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ভাষা বিশেষ ভূমিকা রাখে। বাংলা ওয়েবসাইট রোগীদের তখনই সহযোগিতা করবে, যখন এটি তথ্যনির্ভর হয়ে কাজ করবে। আমি জানি— এমন অনেক ইংরেজি ও বৈজ্ঞানিক শব্দ আছে, যেগুলোর বাংলা প্রতিশব্দ খুবই জটিল। এর পরও আমি আশা করি— বাংলা ভাষায় অনেক প্রতিশব্দ হবে। আরও আশা করি— আমার প্রিয় বাংলা ভাষা একটি জীবিত ভাষা হবে। ভাষার ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি— আরও এগিয়ে যেতে হবে।’ সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘যেখানে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা হয়, সেখানে যেতে আমার ভালো লাগে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হলে আমি গর্ববোধ করি। আন্তর্জাতিক অর্থ বহু ভাষা ও সংস্কৃতির সম্মেলন— শুধু ইংরেজি প্রীতি নয়। এই ওয়েবসাইট সর্বস্তরের মানুষের কল্যাণ করার সাথে সাথে বাংলা ভাষাকেও ছড়িয়ে দেবে। এ হাসপাতাল দরিদ্র রোগীর জন্য পরিসেবার বেশি সুযোগ দেবে।’ অনুষ্ঠানে হাসপাতালের স্ট্র্যাটেজি এক্সিকিউশন ডিরেকটর রঞ্জন ডি সিলভা এবং মানবসম্পদ পরিচালক সারদ জয়সিংহে তাদের বক্তব্যে বাংলায় ভাষাশহীদ ও মাতৃভাষা দিবসকে সম্মান জানন। উল্লেখ্য. ২০০৫ সাল থেকে এ্যাপোলো হসপিটালস ঢাকা তাদের ইংরেজি ওয়েবসাইট চালু করে।