মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শুক্রবার ফোনালাপ করেছেন। এক ঘন্টারও বেশি সময় ধরে চলা এই আলাপে তারা গত মার্কিন নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছে সে ব্যাপারেও কথা বলেন। এ বিষয়ে মুলারের তদন্ত রিপোর্টও আলোচনায় আসে। হোয়াইট হাউস গতকাল এক বিবৃতিতে একথা জানায়।
পরে ট্রাম্পও টুইটারে এই আলাপের কথা জানান। তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনে আমার পক্ষে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে যে অভিযোগ উঠেছিল সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। এছাড়া আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য, ভেনিজুয়েলা, ইউক্রেন, উত্তর কোরিয়া, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে খোলামেলা আলোচনা করেছি। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও আলাপ ‘সফল’ হয়েছে বলে দাবি করেন।
