রাজনৈতিক দল নিষিদ্ধের চেয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা শ্রেয়

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৯
সফররত ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারনেস সাঈদা ওয়ার্সি বলেছেন, বৃটেন বাংলাদেশের কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। কারণ কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের চেয়ে গণতান্ত্রিক পন্থায় আদর্শগত ও রাজনৈতিকভাবে মোকাবেলা করাই শ্রেষ্ঠ বলে মনে করে বৃটেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক শেষে জামায়াতকে সরকার নিষিদ্ধ করতে চায় এমন প্রশ্নের জবাবে ওয়ার্সি এ কথা বলেন। দীপু মনির সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন ওয়ার্সি। তিনি বলেন, আমি বিগত ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিলাম তখন বাংলাদেশ স্বাধীনতার ৪০ বছর উদযাপন করছিল আর সে বছর ছিল আমার ৪০তম জন্মদিন। সাঈদা ওয়ার্সি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বিশেষ করে ব্যবসা ও বাণিজ্যসহ সার্বিক বিষয়ে দু’দেশ আন্তরিকভাবে কাজ করছে, যা প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, দীপু মনির সঙ্গে শাহবাগের আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার, আগামী নির্বাচন, মানবাধিকার, বিশেষ করে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শাহবাগের আন্দোলন প্রসঙ্গে বৃটিশমন্ত্রী বলেন, যে কোন ধরনের আন্দোলন গণতান্ত্রিক হওয়াকে বৃটেন সমর্থন করে। এতে তরুণ প্রজন্মের প্রতিবাদের বিষয়টি ফুটে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচনের উপায় খুঁজে বের করবে বাংলাদেশের জনগণ। কোন দেশ আরেকটি দেশের নির্বাচন কিভাবে হয় তা বলতে পারে না। তবে এমন নির্বাচন হতে হবে যা সর্বমহলে গ্রহণযোগ্য ও অবাধ হয়। ওয়ার্সি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বলেছি। এদিকে বিকেলে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানায়, দীপু মনির সঙ্গে ব্রিটিশমন্ত্রীর সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, তৈরি পোশাক শিল্পের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। তিন দিনের সফরে ওয়ার্সি সোমবার ঢাকায় আসেন। আজ বুধবার তার সিলেট সফরের কথা রয়েছে। এছাড়া বিকেলে সংবাদ সম্মেলনে কথা বলবেন বৃটিশমন্ত্রী।