কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকদের তালিকা হচ্ছে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪১
শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, স্কুলে যে সকল শিক্ষক পাঠদান না করে কোচিং বাণিজ্যের সাথে জড়িত তাদের তালিকা তৈরি করা হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকালে স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে মন্ত্রী প্রশ্নোত্তর পর্বে সংসদকে এ কথা জানান। সাধনা হালদারের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী জানান, কোচিং বাণিজ্য ঠেকাতে সরকার একাধিক কার্যক্রম গ্রহণ করেছে। যে সকল শিক্ষক ক্লাসে পাঠদান না করে কোচিং বাণিজ্যে নিয়োজিত রয়েছেন, তাদের তালিকা করা হচ্ছে। এরকম বেশ কিছু শিক্ষককে ইতিমধ্যে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। অন্যদের সতর্ক করে দেয়া হয়েছে। মো. জাকির হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বেসরকারি শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড কর্তৃক প্রয়োজনীয় অর্থের সংস্থান থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে অবসর সুবিধার টাকা প্রদান করা হয়। উল্লেখ্য, অবসর সুবিধা প্রদানের জন্য মাসে ৬০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু শিক্ষকদের কাছ থেকে চাঁদা হিসাবে পাওয়া যায় মাত্র ১৬ কোটি টাকা। ফলে যথাসময়ে শিক্ষকদের আর্থিক সুবিধা প্রদান করা সম্ভব হয় না। বেগম নাজমা আকতারের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী জানান, বর্তমানে দেশে চার লাখ ৭০ হাজার ২৪৬ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত আছেন। এরমধ্যে শিক্ষক হচ্ছেন তিন লাখ ৬৫ হাজার ২২ জন এবং কর্মচারির সংখ্যা এক লাখ পাঁচ হাজার ২২৪ জন। পূর্বাচল সড়ক ডিসেম্বরেই সম্পন্ন মো. মুজিবুল হক চুন্নুর লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান জানান, রাজধানীর খিলক্ষেত থেকে পূর্বাচল প্রকল্প পর্যন্ত ৩০০ ফুট প্রশস্ত সড়কের নির্মাণ কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সম্পন্ন হবে। ১০ টাকায় আকাশ পর্যবেক্ষণ ফজিলাতুন নেসা বাপ্পির লিখিত প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান জানান, গত চার বছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এক লাখ ৩০ হাজার ১৯ জন দর্শক পরিদর্শন করেছেন। সপ্তাহের শনি ও রবিবার দর্শনার্থীরা সন্ধ্যায় মাত্র ১০ টাকার বিনিময়ে টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ করতে পারেন।