বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দবরার শরীফের পীর বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরীর। চার দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ গতকাল মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ওরসে বিশ্বের ৩৬টি দেশসহ দেশের কয়েক লাখ আশেকান, জাকেরান ও মুরিদানের সমাবেশ ঘটে।
খাজাবাবা ফরিদপুরীর অধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্ব খাজা মাহাফুযুল হক এর নির্দেশে আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। সকাল সাড়ে ১০টা থেকে ১১ পর্যন্ত আখেরি মোনাজাতে বিশ্বের শান্তিপ্রিয় মানবতার সুখ-শান্তি ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
আখেরি মোনাজাতের পূর্বে খাজাবাবা ফরিদপুরীর অধ্যাত্মিক প্রতিনিধি ও জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সমাবেত জাকেরানদের উদ্দেশ্যে বলেন, এ বছরের পবিত্র উরস শরীফের ঐতিহাসিক তাত্পর্য রয়েছে। রবিউল আউয়াল মাসে বিশ্বনবীর আগমন ও ওফাত দিবস। তাই এ মাসের বিশেষ সময়ে খাজাবাবা ফরিদপুরীর বিশ্ব ওরস শরীফ অনুষ্ঠিত হওয়ায় বিশেষ গুরুত্ব বহন করে। মুসলিম বিশ্বে হজ্ব ও বিশ্ব ইজতেমার পরই এই মহাসম্মেলন। মুসলিম উম্মাকে বিশ্বওলীর ছায়াতলে দাঁড়ানোর আহবান জানান তিনি।
মোনাজাতের পর জাকেরান ও আশেকানদের বাড়ি ফেরার পথে দরবার শরীফের চারদিকে পুখুরিয়া, কৃষ্ণপুর, তালমা, পিয়াজখালী, চন্দ পাড়া, মনিকোঠা, চরভদ্রাসন, বালিয়াহাটি, কাউলীবেড়া, তাড়াইল পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। দরবার শরীফের প্রেস সচিব শামীম হায়দার জানান, এ বছর রেকর্ড সংখ্যক আশেকান, জাকেরান ও ভক্তবৃন্দের সমাবেশ ঘটে।
