নওগাঁ, রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্য, এক আম ব্যবসায়ী এবং একজন ঠিকাদারের মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনায় একজন ভ্যানচালক গুরুতর আহত হয়েছে। আমাদের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর।
নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত ইউপি সদস্য হাজীনগর ইউনিয়নের সংরক্ষিত সদস্য তহমিনা খাতুনের (২৬) বাড়ি উপজেলার মাখলাহাট গ্রামে। তিনি উপজেলার শিবপুর বাজার থেকে রিকশাভ্যানযোগে মাখলাহাট গ্রামে যাওয়ার পথে বাউইচণ্ডি এলাকায় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। ভ্যানচালক সুরেন রবিদাস গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বেলা আড়াইটার দিকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
রাজশাহী: রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ার মাইপাড়া বাজারে গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ট্রাক চাপায় মহসিন আলী (৫৫) নামের এক আম ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি উপজেলার কান্দ্রা গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে দুপুর সাড়ে ১২টার দিকে ফের যান চলাচল শুরু হয়। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আহরন্দ এলাকায় গতকাল মঙ্গলবার কাভার্ডভ্যান চাপায় ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ বাগানবাড়ি এলাকার বাসিন্দা বিশিষ্ট ঠিকাদার ও ক্রীড়া সংগঠক আনোয়ারুল আজিম বুড়ু মারা গেছেন। তিনি সকালে মোটরসাইকেল নিয়ে বিকল্প সড়কে কসবা যাবার পথে ফ্রেন্ডস কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে কাভার্ডভ্যানটি আটক করেছে।
