মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ দণ্ড চেয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করছে সরকার। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর প্যানেলের প্রধান সমন্বয়কারী অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান।
এ প্রসঙ্গে সচিবালয়ে আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি আগামী সপ্তাহে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি এখন গণদাবিতে পরিণত হয়েছে। এটা এখন সময়ের ব্যাপার মাত্র।
এডভোকেট এমকে রহমান বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এজন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে আমরা আবেদন জানাব কাদের মোল্লাকে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য।
