পাকিস্তানের কোয়েটায় হামলাকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী অফিসের মুখপাত্র এক বিবৃতিতে এ নির্দেশের বিষয়টি জানান। খবর ডন এর।
বিবৃতিতে জানানো হয়, কোয়েটায় সহিংসতার জন্য যারা দায়ী তাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করতে হবে নিরাপত্তা বাহিনীকে। যেসব এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করা যাবে সেসব এলাকা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করতে হবে। প্রধানমন্ত্রী শহরটিতে নিরাপত্তা বাহিনীর এ অভিযান পর্যবেক্ষণ করবেন বলে বিবৃতিতে জানানো হয়। গত তিন দিন ধরে কোয়েটায় শিয়া ধর্মাবলম্বীরা বিক্ষোভ করছে। তাদের দাবি, ওই এলাকা নিয়ন্ত্রণে নিয়ে লস্কর-ই-ঝাংভির মতো সামপ্রদায়িক জঙ্গি দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করুক সেনাবাহিনী। গত শনিবার এই শহরে জঙ্গি হামলায় ৮৭ এবং গত মাসে এক হামলায় ৯৩ জন নিহত হয়। দুটি হামলার দায়িত্ব স্বীকার করে লস্কর-ই-ঝাংভি।
